একতরফা সিদ্ধান্ত নেননি সিইসি! বিতর্ক উড়িয়ে সুপ্রিম কোর্টে আসল সত্য ফাঁস করল নির্বাচন কমিশন

বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা ‘SIR’ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার একতরফা সিদ্ধান্ত নিয়েছেন—সংবাদমাধ্যমের খবরের ওপর ভিত্তি করে ওঠা এই মারাত্মক অভিযোগ এবার সরাসরি খারিজ করে দিল ভারত নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক হলফনামায় কমিশন স্পষ্ট জানিয়েছে, SIR সম্পর্কিত প্রধান তিনটি সিদ্ধান্তই কমিশনের তিন সদস্যের সর্বসম্মতিতে গৃহীত হয়েছিল। ফাইল প্রক্রিয়াকরণের সাধারণ নিয়ম মেনে বা জরুরি পরিস্থিতিতে ইলেকট্রনিক মাধ্যমে অনুমোদন নিয়েই এই পদক্ষেপ করা হয়। আলোচনা চলাকালীন কোনো কমিশনার প্রশ্ন বা পর্যবেক্ষণ তুললে তা ২০২৩ সালের ‘CEC এবং অন্যান্য EC আইন’-এর ১৮ নম্বর ধারা অনুযায়ী কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কমিশন সুপ্রিম কোর্টে স্পষ্ট করেছে, তাদের অভ্যন্তরীণ কোনো নথিপত্র সংবাদমাধ্যমে প্রকাশের অনুমতি দেওয়া হয়নি।
অন্যদিকে, নাম নথিভুক্তির ‘ফর্ম ৬’ পরিবর্তন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির বিষয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে কমিশন। তারা সুপ্রিম কোর্টকে জানিয়েছে, মূল ফর্মে কোনো সংশোধন করা হয়নি, কারণ সেই অধিকার একমাত্র কেন্দ্রীয় সরকারের রয়েছে; মূলত SIR-এর ডিক্লেয়ারেশন একটি পৃথক নথি ছিল। অনলাইন আবেদনপত্রের প্রক্রিয়ার কারণে বিভ্রান্তি তৈরি হওয়ায় ২১ অক্টোবর থেকে অনলাইন পোর্টালকে দুটি পৃথক অংশে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কাগজে জমা দেওয়া আবেদনের সঙ্গে অনলাইন ব্যবস্থার পুরোপুরি সামঞ্জস্য থাকে। পাশাপাশি, সুপ্রিম কোর্টের বিচারপতির অপসারণের পদ্ধতি ছাড়া প্রধান নির্বাচন কমিশনারকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার আবেদন যে সম্পূর্ণ বেআইনি ও অগ্রহণযোগ্য, তা-ও আদালতকে সাফ জানিয়ে দিয়েছে কমিশন।