পর্দায় আসছে ডাকিনী বিদ্যা, তন্ত্র সাধনা মানেই কি ক্ষতি না কি লুকিয়ে অন্য রহস্য

পর্দায় এ বার দর্শকের সামনে হাজির হতে চলেছে ‘ডাকিনী বিদ্যা’। প্রচলিত ধারণা অনুযায়ী এই শব্দবন্ধের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে মারণ, উচাটন ও বশীকরণের মতো বিষয়, যার সাহায্যে নাকি সহজেই মানুষের ক্ষতি করা যায়। নামের মধ্যেই এক অজানা ভয় ও রহস্য লুকিয়ে থাকলেও ডাকিনী বিদ্যা মানেই শুধুই খারাপ কিছু নয়, সেই বার্তাই দিতে চলেছে সৌনব নাগ পরিচালিত নতুন এই ছবি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন পায়েল সরকার, ঋষভ বসু, বিশ্বরূপ বিশ্বাস ও সাহেব চট্টোপাধ্যায়। এছাড়া অমিতাভ ভট্টাচার্য, পারিজাত চৌধুরী, শ্রীতমা বৈদ্য সহ একাধিক পরিচিত মুখ এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
ছবির গল্পের পরতে পরতে জড়িয়ে রয়েছে রহস্য, প্রতিশোধ ও প্রেমের এক অনন্য আখ্যান। কারা আসলে ডাকিনী, যক্ষিণী কিংবা কর্ণপিশাচিনী এবং তাদের সঙ্গে সংযোগের বিদ্যা ঠিক কেমন, সে সব প্রশ্নের উত্তর মিলবে এই ছবিতে। ছবির বেশ কিছু অংশের শুটিং সুন্দরবনে হওয়ার কারণে সেখানকার মনোরম ও মাঝে মাঝে ভয়ঙ্কর রূপও পর্দায় ফুটে উঠবে। পরিচালক জানান এটি কেবল ভয় বা তন্ত্র সাধনার ছবি নয়, বরং এর পাশাপাশি রয়েছে রোমাঞ্চ, নাচ-গান এবং জীবনের নানা ওঠানামার গল্প। তন্ত্রের ব্যবহার কী ভাবে মানুষের দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রণ করে, তা জানতে হলে দর্শকদের চোখ রাখতে হবে এই নতুন চলচ্চিত্রে।