সরাতে হবে পুজোর বিজ্ঞাপনী ব্যানার, চরম সিদ্ধান্ত কলকাতা পুরসভার

দুর্গাপুজো শেষ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও শহরের অলিতে-গলিতে ঝুলতে থাকা বিজ্ঞাপনী ফ্লেক্স, ব্যানার এবং বাঁশের কাঠামো নিয়ে এবার অত্যন্ত কঠোর অবস্থান নিল কলকাতা পুরসভা। বিজ্ঞাপনী হোর্ডিং অবিলম্বে সরানোর জন্য বুধবার পর্যন্তই চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে পুজো কমিটি ও বিজ্ঞাপন সংস্থাগুলিকে। আজ নির্ধারিত ডেডলাইনের মধ্যে এই সমস্ত অস্থায়ী কাঠামো না সরালে সংশ্লিষ্ট উদ্যোক্তা বা সংস্থাকে গুনতে হবে বিপুল অঙ্কের অর্থ জরিমানা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, নিয়ম অমান্যকারীদের বিজ্ঞাপনের নির্ধারিত খরচের অন্তত তিনগুণ পর্যন্ত জরিমানা করা হতে পারে। এমনকি পুরসভা নিজ উদ্যোগে এগুলো পরিষ্কার করলে তার সম্পূর্ণ খরচও আদায় করা হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে।
প্রতিবছর পুজোর পর দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে থাকা ফ্লেক্স ও বিপজ্জনক বাঁশের বাঁধার কারণে শহরের সৌন্দর্য নষ্টের পাশাপাশি পথচারীদের হাঁটাচলায় চরম ভোগান্তি হয়। হঠাৎ ঝড়-বৃষ্টিতে যেকোনো মুহূর্ত বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। পুরসভার কাছে পুজো কমিটিগুলির বিজ্ঞাপন সংক্রান্ত যাবতীয় অনুমতি ও বিস্তারিত তথ্য জমা থাকায়, নির্দেশ অমান্যকারীদের সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। মূলত শহরের সার্বিক সৌন্দর্য বজায় রাখতে এবং নাগরিকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করতেই কলকাতা পুরসভার এই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।