মদের দোকানে দীর্ঘ লাইনের দিন শেষ, সুরাপ্রেমিকদের জন্য বিরাট সুখবর আনল সরকার

দিল্লির মদের দোকানগুলোর সামনে আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না সুরাপ্রেমিকদের। পছন্দের ব্র্যান্ড না পেয়ে এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরা কিংবা খালি হাতে ফিরে আসার ঝক্কিও এবার দূর হতে চলেছে। দিল্লির সুরাপ্রেমীদের সুবিধার্থে দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন চালু করেছে ‘দিল্লি লিকার বুকিং’ নামক একটি নতুন মোবাইল অ্যাপ। এখন থেকে ঘরে বসেই পছন্দের ব্র্যান্ডের স্টক যাচাই করা এবং অনলাইনে মদের বুকিং সম্পূর্ণ করার সুবিধা পাবেন গ্রাহকরা। রাজধানীর প্রায় ২০৮টি মদের দোকানে প্রাথমিক পর্যায়ে এই বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। মূলত দোকানের বাইরের উপচে পড়া ভিড় সামলানো এবং পেমেন্ট কাউন্টারের চাপ কমানোর লক্ষ্যেই দিল্লি সরকার এই অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে।
নতুন এই ব্যবস্থার মাধ্যমে অনলাইনে পছন্দের ব্র্যান্ড বেছে নিয়ে অগ্রিম টাকা পরিশোধ করা যাবে। বুকিং সফল হলে অ্যাপের মাধ্যমে গ্রাহকের মোবাইলে একটি বিশেষ কিউআর কোড তৈরি হবে। পরবর্তীতে সেই কোডটি নিয়ে নির্দিষ্ট দোকানে দেখালে কর্মীরা তা স্ক্যান করে গ্রাহকের হাতে মদের বোতল তুলে দেবেন। তবে অনলাইনে বুকিং করা হলেও বাড়িতে মদ পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা বা হোম ডেলিভারি থাকছে না। অনলাইনে টাকা মেটানোর ৪৮ ঘণ্টার মধ্যে গ্রাহককে নিজে গিয়ে নির্দিষ্ট দোকান থেকে বোতল সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে মদ সংগ্রহ না করলে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে অবশ্য কর্তৃপক্ষের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।