ট্রেনে মোবাইল চার্জ নিয়ে বড় সিদ্ধান্ত, রাতে বন্ধ থাকবে সমস্ত পয়েন্ট

রেলযাত্রার নিরাপত্তায় বড় পদক্ষেপ করল ভারতীয় রেল। রাতের বেলায় ট্রেনের কামরায় অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে মোবাইল চার্জিং পয়েন্ট বন্ধ রাখার পুরনো নির্দেশিকা এবার আরও কঠোরভাবে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলওয়ে বোর্ডের নির্দেশ অনুযায়ী, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনের কামরায় মোবাইল চার্জিং পয়েন্ট সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। ২০১৪ সালে এই সংক্রান্ত নির্দেশ জারি করা হলেও সম্প্রতি একটি অপ্রীতিকর ঘটনার পর নিয়মটি নিয়ে নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে।
সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের একটি ট্রেনে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও চার্জিং পয়েন্ট সচল থাকায় একটি পাওয়ার ব্যাঙ্ক থেকে ধোঁয়া বের হয় এবং বিস্ফোরণ ঘটে। এই ঘটনার পরেই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয়েছে রেল কর্তৃপক্ষ। জোনাল রেলওয়েকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা প্রতিদিন নির্দিষ্ট সময়ে চার্জিং পয়েন্ট বন্ধ করেন। আধিকারিকদের সারপ্রাইজ ভিজিটের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে সামান্য অসতর্কতা থেকে কোনো বড় দুর্ঘটনা না ঘটে।