সাবেক মন্ত্রীর ছায়ায় তপসিয়ায় বেআইনি নির্মাণের জাল? ৬ ঠিকানায় হানা দুর্নীতি দমন শাখার!

জলাজমি ভরাট থেকে শুরু করে ওয়াকফ সম্পত্তি দখল—কলকাতার তপসিয়া এলাকায় একের পর এক বেআইনি নির্মাণের পেছনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাভেদ খানের মদত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে। এই অভিযোগের সত্যতা যাচাইয়ে বৃহস্পতিবার পূর্ব কলকাতার তপসিয়ার ৬টি চিহ্নিত স্থানে জোরকদম তদন্তে নামে রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশন (আইএসি)। এমনকি ঋত্বিক ঘটক স্টেশনের কাছে অর্ধনির্মিত জোড়া টাওয়ারসহ একাধিক বিতর্কিত আবাসন সরেজমিনে পরিদর্শন করেন তদন্তকারীরা। অভিযোগ সত্ত্বেও ইতিমধ্যে কিছু বেআইনি ফ্ল্যাট বিক্রি হয়ে যাওয়ায়, সেখানে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেছেন কমিশনের আধিকারিকেরা।
আইএসি-র এই তদন্তকারী টিমের নেতৃত্বে থাকা জ্যেষ্ঠ পুলিশকর্তা কে জয়রামন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তারা সরজমিনে এই তল্লাশি ও পরিদর্শন শুরু করেছেন। ওয়াকফ সম্পত্তি ও সরকারি জমি দখল করে কীভাবে এসব বহুতল গড়ে উঠল, তা খতিয়ে দেখতে দ্রুত কলকাতা পুরসভা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হবে। প্রাপ্ত নথিপত্র ও স্থানীয় তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে। এই রিপোর্ট জমা পড়ার পরই দোষীদের বিরুদ্ধে পরবর্তী কঠোর আইনি পদক্ষেপ ও তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে পুলিশ।