পিএনবি থেকে উধাও ৩৫ কোটি টাকা, খোয়া যাওয়া অর্থ ফেরত দিতে বড় বার্তা ব্যাঙ্কের

গ্রেটার নয়ডার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখা থেকে কোনো লেনদেন বার্তা ছাড়াই রাতারাতি উধাও হয়ে গেছে প্রায় ৩৫ কোটি টাকা। কৃষক বিজেন্দ্র সিং ও চা বিক্রেতা সন্তোষের মতো বহু গ্রাহকের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা গায়েব হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই আর্থিক তছরুপের জেরে সংশ্লিষ্ট শাখার ম্যানেজারসহ বেশ কয়েকজন কর্মীকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে।
গ্রাহকদের আশ্বস্ত করে পিএনবি কর্তৃপক্ষ জানিয়েছে যে আর্থিক ক্ষতির সপক্ষে জমা পড়া প্রতিটি দাবি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে ব্যাঙ্কের জিরো টলারেন্স নীতি স্মরণ করিয়ে দিয়ে জানানো হয়, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। ব্যাঙ্ক ইতোমধ্যেই ভুয়োগোষ্ঠীর শিকার হওয়া গ্রাহকদের ৪৩ লক্ষ টাকা ফেরত দিয়েছে। বাকি গ্রাহকদের অভিযোগ যাচাই পর্ব শেষে দ্রুত উপযুক্ত ক্ষতিপূরণ মিলবে বলে ব্যাঙ্ক সূত্রে নিশ্চিত করা হয়েছে।