কোটি টাকার জালিয়াতি, গ্রাহকদের খোয়া যাওয়া টাকা যুদ্ধকালীন তৎপরতায় ফেরাতে শুরু করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার সেক্টর পিআই-১ শাখায় একাধিক গ্রাহকের ফিক্সড ডিপোজিট থেকে কোটি কোটি টাকা উধাও হওয়ার চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযোগ উঠেছে, ২০২৫ সালের এপ্রিল মাস থেকে গ্রাহকদের অজান্তে ও সম্মতি ছাড়া টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতেন ওই শাখার কর্মীরাই। এর ফলে আশেপাশের গ্রামের কৃষক ও ছোট ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েন।
ঘটনার পরই চরম পদক্ষেপ গ্রহণ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের রিজিওনাল অফিস। ইতিমধ্যেই ব্রাঞ্চ ম্যানেজারসহ জড়িত সমস্ত কর্মী ও আধিকারিকদের চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে এবং নতুন কর্মী নিয়োগ করে পরিষেবা সচল রাখা হয়েছে। তদন্ত শুরুর পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে প্রাথমিক পর্যায়ে ৩ জন ভুক্তভোগী গ্রাহককে ৪৩ লক্ষ টাকা ফেরত দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্ক জানিয়েছে, জমা হওয়া প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত বাকি যোগ্য গ্রাহকদের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।