দুধের দাঁত পড়ার বয়সে হার্টের চিন্তা, ১০ বছরেই কোলেস্টেরল পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের

হৃদরোগ কি শুধুই বড়দের অসুখ? কম বয়সে হার্ট অ্যাটাক এবং আচমকা হৃদরোগে মৃত্যুর ঘটনা বাড়াচ্ছে উদ্বেগ। অনেক সময় শরীরেই লুকিয়ে থাকে হৃদযন্ত্রের সমস্যা, যা ধরা পড়ে দেরিতে। তাই ১০ বছর বয়সেই শিশুদের কোলেস্টেরল পরীক্ষা করা উচিত বলে পরামর্শ দিচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞরা। ভারতে প্রায় ৫০ শতাংশ হার্ট অ্যাটাক হয় ৫০ বছরের কম বয়সিদের। গত ১৫ বছরে হৃদরোগের প্রকোপ প্রায় ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অনেক সময় জন্মগত বা বংশগত হৃদযন্ত্রের সমস্যা অজানা থেকে যায়। তাই শৈশব থেকেই হৃদস্বাস্থ্যের দিকে নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন।
শৈশবে চিকিৎসা না হওয়া হৃদরোগ পরবর্তী সময়ে বড় সমস্যার কারণ হতে পারে। পরিবারের কারও কম বয়সে হৃদরোগের ইতিহাস থাকলে বা শরীরচর্চার সময় ক্লান্তি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শুধু জিম বা ওজন তোলা নয়, দ্রুত হাঁটা, সাইকেল চালানো এবং সুষম খাবার খাওয়া প্রয়োজন। ওজনের কাঁটায় চোখ রাখার পাশাপাশি শরীরের ভিতরে জমা মেদ ও কোলেস্টেরলের দিকেও নজর দিতে হবে। বিশেষত শিশুদের ক্ষেত্রে সময়মতো প্রয়োজনীয় পরীক্ষা ভবিষ্যতের বড় বিপদ এড়াতে সাহায্য করবে।