আইনি বিয়ের ৩ বছর পর ফের সামাজিক বিয়ে, কবে ছাঁদনাতলায় বসছেন শ্রুতি ও স্বর্ণেন্দু

২০২৩ সালের জুলাই মাসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। সেসময় আশীর্বাদ, মালাবদল এবং সিঁদুরদান হলেও ছিল না কোনো ছাঁদনাতলা কিংবা মন্ত্রোচ্চারণের আনুষ্ঠানিকতা। ফলে বউভাত বা কালরাত্রির মতো রীতিনীতিগুলোও পালন করা হয়নি। তৎকালীন সময়েই এই তারকাজুটি জানিয়েছিলেন, পরবর্তীতে হিন্দু শাস্ত্রীয় মতে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন তারা। সেই কথা রাখতেই এবার অগ্নিসাক্ষী রেখে পূর্ণাঙ্গ রীতিনীতিতে সাতপাক ঘুরতে চলেছেন টলিপাড়ার এই জনপ্রিয় জুটি।
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে চলেছে তাঁদের সামাজিক বিয়ের মূল অনুষ্ঠান। পরিবারের জেঠুর মৃত্যুর কারণে কালাশৌচ চলায় বিয়ের নির্ধারিত তারিখ পিছিয়ে গেলেও, এবার শীতের মরশুমেই কলকাতায় জমকালো আয়োজনে চারহাত এক হবে। ইতিমধ্যেই উভয় পরিবারে শুরু হয়ে গেছে বিয়ের জোরদার তোড়জোড় ও আইবুড়ো ভাতের ধারাবাহিক পর্ব, যার আনন্দঘন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন শ্রুতি। বৈদিক মন্ত্রোচ্চারণ, সম্প্রদান ও গোত্রান্তরের মধ্য দিয়ে এবার কাঙ্ক্ষিত সামাজিক পরিণতি পেতে চলেছে তাঁদের ভালোবাসার গল্প।