রেলে চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ, এক হাজারেরও বেশি শূন্যপদে স্টেশন মাস্টার নিয়োগ শুরু

ভারতীয় রেলে চাকরি করার সুবর্ণ সুযোগ চলে এসেছে যোগ্য প্রার্থীদের সামনে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে সারা দেশে মোট ১ হাজার ২৬৫ জন স্টেশন মাস্টার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে এই পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তা চলবে আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন। বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে এই নিয়োগ সম্পন্ন হবে, যার মধ্যে মুম্বইতে সর্বাধিক ১৭৭ জন, জম্মু ও শ্রীনগরে ১২২ জন এবং চেন্নাইতে ১১৯ জন শূন্যপদ রয়েছে।
নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা সিবিটি টেস্ট অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাটি দুই ঘণ্টা বা ১২০ মিনিটের হবে এবং এতে মোট ১০০টি প্রশ্ন থাকবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের নথি যাচাই এবং পরবর্তীতে মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। কোনো প্রার্থীর আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধনের জন্য আগামী ২৮ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে সুযোগ দেওয়া হবে। তবে মনে রাখতে হবে একজন প্রার্থী কেবল একটিমাত্র আবেদন করতে পারবেন এবং একাধিক আবেদন করলে তা সরাসরি বাতিল বলে গণ্য করা হবে।