বিশাল ভিড়ে নৈহাটির বড়মার ভোগ পাওয়ার আসল উপায়, জেনে নিন কুপন মেলার সঠিক স্থান ও সময়!

১০৩ বছরের ঐতিহ্যবাহী নৈহাটির বড়মার পুজো উপলক্ষে মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘিরে সাজ সাজ রব। ভিড় সামলাতে চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কড়া নিরাপত্তা, ড্রোন, সিসিটিভি এবং চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। মণ্ডপের সামনে ৭ নভেম্বর থেকে ৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত দণ্ডি কাটা যাবে। ভক্তদের সুবিধার জন্য কোনও ভিআইপি লাইন থাকছে না এবং মণ্ডপ প্রাঙ্গণে ওয়ান ওয়ে লাইনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, গঙ্গার ধারে এনডিআরএফ এবং নৈহাটি স্টেশনে একটি বিশেষ হেল্প ডেস্কেও সাহায্য মিলবে।
কালীপুজোর এই বিশেষ দিনগুলিতে মা-কে খিচুড়ি, পোলাও, আলুর দম, লুচি ও নানা ধরণের মিষ্টি ভোগ নিবেদন করা হবে। পুজো শেষে ৮ নভেম্বর রাতে শ্যাম রোড ও জগবন্ধু মোড়ে ভোগের কাউন্টার খুলে দেওয়া হবে। এই ভোগ পাওয়ার জন্য ভক্তদের ৭ ও ৮ নভেম্বর গভীর রাত দেড়টা থেকে ২টোর মধ্যে নির্দিষ্ট কুপন সংগ্রহ করতে হবে। নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যানিকেতন, নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় এবং নৈহাটি পুরসভা থেকে এই কুপনগুলি বিলি করা হবে।