কালীপুজোয় ফানুস ওড়াতে নেওয়া বাধ্যতামূলক দমকলের অনুমতি, নিয়ম ভাঙলে করা পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের
.jpeg.webp?w=1200&fit=1200,676&ssl=1)
আসন্ন কালীপুজোয় নিরাপত্তা এবং পরিবেশ রক্ষায় একাধিক কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। উৎসবের মরশুমে শব্দতাণ্ডব ও অগ্নিকাণ্ড রুখতে হাসপাতাল, স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের পরিধিতে অর্থাৎ শান্ত এলাকায় সব ধরনের বাজি ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া কালীপুজোয় রাত ৮টা থেকে ১০টা এবং ছটপুজোয় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি ফাটানোর অনুমতি দেওয়া হয়েছে। বিশেষ নজর দেওয়া হয়েছে সাম্প্রতিক ফানুস ওড়ানোর প্রবণতার ওপর। দমকল ও পুলিশের স্পষ্ট বার্তা, বিভাগীয় অনুমতি বা লাইসেন্স ছাড়া ফানুস ওড়ানো সম্পূর্ণ অবৈধ এবং ঐতিহ্যের দোহাই দিয়ে উত্তর কলকাতার বহু পুরনো পরিবারও এই আইনের বাইরে থাকবে না।
উৎসবে বাজি বাজারগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে পুরসভা ও পুলিশ-প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও অ্যাম্বুল্যান্স রাখা বাধ্যতামূলক। পরিবেশমন্ত্রী মনোজ ওঁরাও জানিয়েছেন, নির্ধারিত সময়সীমা এবং নিয়ম লঙ্ঘন বরদাস্ত করা হবে না। বেআইনি বাজি ও ফানুস সংক্রান্ত অভিযোগ জানাতে তৈরি করা হয়েছে ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর, পাশাপাশি পাড়ায় পাড়ায় সচেতনতামূলক ক্যাম্প ও মোবাইল টিমের নজরদারি চালানো হবে। সাধারণ মানুষকে আগাম সতর্ক করার পাশাপাশি কোনো বিশৃঙ্খলা বা অনিয়ম দেখলে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার পূর্ণ প্রস্তুতি শেষ করেছে প্রশাসন।