তালেবানের ‘নারী নিপীড়ন’ সমর্থনে সোচ্চার বিতর্কিত জাকির নায়েক, আড়ালে কী গভীর চক্রান্ত?

ভারতে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় থাকলে তিনি আর দেশে ফিরবেন না—এমনই বিস্ফোরক মন্তব্য করে পূর্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন কট্টরপন্থী ধর্মীয় নেতা জাকির নায়েক। এবার আফগানিস্তানের তালেবান শাসনের পাশে দাঁড়িয়ে এবং তাদের নারী শিক্ষা সংক্রান্ত কঠোর নিষেধাজ্ঞাকে সরাসরি সমর্থন জানিয়ে নতুন করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেন, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ ও উপযুক্ত শিক্ষক সংকটের কারণেই আফগানিস্তানে মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা আপাতত স্থগিত রেখেছে তালেবান। তবে তার মতে, প্রাথমিক শিক্ষা এবং শরিয়াভিত্তিক গবেষণার সুযোগ সেখানে এখনও অব্যাহত রয়েছে।
ইউএপিএ ধারায় অভিযুক্ত ও ভারতে মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই মৌলবাদী নেতা বর্তমানে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন। ২০১৬ সালে ঢাকার হোলি আর্টিশান বেকারিতে প্রাণঘাতী জঙ্গি হামলার পর থেকেই তৎকালীন শেখ হাসিনা সরকার তাকে ও তার চ্যানেলকে নিষিদ্ধ করে। ওই ঘটনার পেছনে যুক্ত এক জঙ্গি স্বীকার করেছিল যে সে জাকির নায়েকের উসকানিমূলক বক্তব্যের দ্বারাই অনুপ্রাণিত হয়েছিল। উসকানিমূলক কথাবার্তা ছড়িয়ে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অভিযোগে অভিযুক্ত এই বিতর্কিত ব্যক্তিত্বকে ভারতে প্রত্যর্পণের একাধিক আইনি চেষ্টা ব্যর্থ হলেও, তার সাম্প্রতিক তালেবানপ্রীতি বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ ও সমালোচনা সৃষ্টি করেছে।