‘তুমি আবার বিয়ে কোরো!’ ১৮ তলা থেকে ৬ বছরের ছেলেকে নিয়ে মায়ের মর্মান্তিক ঝাঁপ!

মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড়ের সিগনেচার পার্ক সোসাইটিতে ঘটে গেল এক ভয়ংকর মর্মান্তিক ঘটনা। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতাজনিত অবসাদের জেরে ৬ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে ১৮ তলার ছাদ থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ৩৩ বছরের একতা বাঙ্গাড। শুক্রবার সন্ধ্যে ৬টা নাগাদ ঘটা এই ঘটনায় মা ও ছেলের দু’জনেরই মৃত্যু হয়েছে। সোসাইটির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ৭ তলার বাসিন্দা একতা ছেলেকে নিয়ে লিফটে করে ১৮ তলায় যান এবং সেখান থেকে নিচে ঝাঁপ দেন। এই ঘটনায় ওয়াকড় থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
ঘটনার পর পুলিশ ওই ফ্ল্যাট থেকে ৮ পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। যেখানে লেখা রয়েছে, বহু বছর ধরে মেরুদণ্ডের কঠিন সমস্যায় ভুগছিলেন একতা এবং একাধিক হাসপাতালে চিকিৎসা করা সত্ত্বেও তিনি সুস্থ হননি। এই শারীরিক যন্ত্রণার অবসাদেই তিনি চরম পদক্ষেপ করেন। স্বামীর উদ্দেশে লেখা নোটে তিনি মনোজকে ফের বিয়ে করে নতুন জীবন শুরু করার অনুরোধ জানিয়েছেন। ছেলেকে সঙ্গে নিয়ে আত্মঘাতী হওয়ার কারণ হিসেবে তিনি লিখেছেন, মায়ের অনুপস্থিতিতে ছেলে কষ্ট পাবে, যা তিনি সহ্য করতে পারতেন না। পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং সুইসাইড নোটের সত্যতা সহ অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে।