বিষাক্ত বাতাসে লাগাম টানতে কড়া পদক্ষেপ দিল্লিতে! প্রথম দিনেই নিয়ম ভেঙে জরিমানা ৬৮ লক্ষ টাকা

দিল্লির বিপজ্জনক বাতাসের গুণমানে রাশ টানতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে প্রথম দিনেই রাস্তায় নামে প্রায় ১৫ হাজার গাড়ি, যার জেরে এক দিনেই প্রায় ৬৮ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে শহরের প্রায় তিনশোটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে নিয়ম ভাঙার দায়ে প্রায় দশ লক্ষ টাকা জরিমানা এবং বেশ কিছু সাইটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শীতের মরশুমে দিল্লির দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১ নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমের পাশাপাশি কড়াকড়ি করা হয়েছে যানবাহন ও নির্মাণকাজে। তবে জরুরি পরিষেবা, সিএনজি এবং বৈদ্যুতিক গাড়িগুলিকে এই বিধিনিষেধের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি নজরদারির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশেষ ক্যামেরা প্রযুক্তির সাহায্য নিচ্ছে দিল্লি সরকার।