দীপাবলি পালনে তারকার ‘জ্ঞান’ সহ্য নয়! বিজেপি নেতার তোপ, তোলপাড়ের মুখে সরলো দিয়া মির্জার ভিডিও

দূষণমুক্ত দীপাবলির বার্তা দিয়ে মুম্বই পুরনিগমের (BMC) সচেতনতামূলক ভিডিও তৈরি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বোম্বে হাইকোর্টের নির্দেশ মেনে বৃহ্নমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন পরিবেশ সচেতনতার জন্য অভিনেত্রী দিয়া মির্জাকে দিয়ে বাজি না পোড়ানোর আবেদন জানিয়ে একটি ভিডিও তৈরি করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে। তবে ভিডিওটি প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুম্বই বিজেপির সভাপতি অমিত সাতাম। তিনি সাফ জানান, দীপাবলি পালনের রীতিনীতি নিয়ে দিয়া মির্জার কাছ থেকে কোনো ‘জ্ঞান’ তাঁরা শুনবেন না।
প্রবল বিতর্ক ও রাজনৈতিক চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত পুরনিগম কর্তৃপক্ষ দিয়া মির্জার ওই সচেতনতামূলক ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নিতে বাধ্য হয়। যদিও ভিডিওটি কেন সরানো হলো, সে বিষয়ে প্রশাসনিকভাবে কোনো স্পষ্ট কারণ দেওয়া হয়নি। উল্লেখ্য, আদালত ও মুম্বই পুরনিগমের একই সচেতনতা অভিযানে মাধুরী দীক্ষিত, অজিঙ্ক রাহানে এবং নিশিগন্ধা ওয়াডের মতো অন্যান্য একাধিক নামী ব্যক্তিত্বকে রাখা হলেও, একমাত্র দিয়া মির্জার ভিডিওটি নিয়েই বিতর্ক দানা বাঁধে এবং বিতর্কিত পদক্ষেপটি নেওয়া হয়।