বন্দে ভারতকে পেছনে ফেলে আসছে দেশের প্রথম বুলেট ট্রেন! কোন রুটে ছুটবে এই সুপারফাস্ট সুপারস্টার?

সভ্যতার অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে রেলপথেও আসছে ঐতিহাসিক পরিবর্তন। বাষ্পচালিত ইঞ্জিন ও ইলেকট্রিক ট্রেনকে ছাপিয়ে এবার দেশবাসীর যাতায়াত আরও দ্রুত করতে ভারতের মাটিতে চালু হতে চলেছে হাইস্পিড বুলেট ট্রেন। মুম্বই-আহমেদাবাদ হাইস্পিড করিডরের জন্য বেঙ্গালুরুর ‘ভারত আর্থ মুভার্স লিমিটেড’ বা বিইএমএল সংস্থায় জোরকদমে তৈরি হচ্ছে এই ট্রেন। আট কামরার এই আধুনিক ট্রেনটির দৈর্ঘ্য হবে ২০২ মিটার এবং এতে সর্বাধিক ৫৫৭ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। প্রতিবন্ধীদের জন্য বিশেষ আসন ছাড়াও ট্রেনটিতে থাকছে সাতটি ‘স্ট্যান্ডার্ড ক্লাস’ এবং একটি ‘এক্সিকিউটিভ ক্লাস’ কামরা। প্রশস্ত বসার জায়গা, আধুনিক এলইডি আলো এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যের সব রকম বন্দোবস্ত থাকছে এই স্বদেশি প্রযুক্তির ট্রেনে।
প্রাথমিকভাবে ৫০৮ কিলোমিটার দীর্ঘ মুম্বই-আহমেদাবাদ রুটে ছুটবে এই বুলেট ট্রেন, যেখানে সর্বোচ্চ ২৮০ কিলোমিটার এবং গড়ে ২৪৯ কিলোমিটার গতিবেগ তোলা হবে। তবে এই রুটের পাশাপাশি পরবর্তীকালে দিল্লি-গুয়াহাটি রুটেও এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত এই নতুন ট্রেনপথ চালু হলে উত্তরবঙ্গের শিলিগুড়ি স্টেশন ছাড়াও আগ্রা, কানপুর, লখনউ, বারাণসী ও পাটনায় দাঁড়াবে ট্রেনটি। এর ফলে মাত্র ৮ ঘণ্টাতেই দেশের রাজধানী দিল্লি থেকে সরাসরি আসামের রাজধানী গুয়াহাটিতে পৌঁছে যাওয়া সম্ভব হবে। দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় এই বিপ্লব যাত্রীদের সময় বাঁচানোর পাশাপাশি যাতায়াতের অভিজ্ঞতাকে সম্পূর্ণ বদলে দেবে বলে আশা করা হচ্ছে।