ওড়িশায় ভয়াবহ ভূমিধস, প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা বাড়ছে,নতুন করে দুর্যোগের আশঙ্কা

ঘূর্ণিঝড় অর্ণবের রেশ কাটতে না কাটতেই ওড়িশার উপকূলীয় এবং পাহাড়ি অঞ্চলে নেমে এসেছে চরম বিপর্যয়। প্রবল বর্ষণের জেরে গঞ্জাম ও গজপতি জেলায় ব্যাপক ভূমিধস দেখা দিয়েছে, যার ফলে চাপা পড়ে ইতিমধ্যেই পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গঞ্জাম জেলায় এখনও পর্যন্ত দশজন নিখোঁজ রয়েছেন এবং তাঁদের খোঁজে উদ্ধারকাজ চলছে। ভূমিধসপ্রবণ ও প্লাবিত গ্রামগুলি থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া জোরদার করেছে রাজ্য প্রশাসন।
অর্ণবের তাণ্ডব সামলে ওঠার আগেই বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মুরাসু নিয়ে ওড়িশা উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে এবং দুর্যোগের সম্ভাব্য ঝুঁকি এড়াতে দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী, পানীয় জল ও প্রয়োজনীয় রসদ মজুত রাখার নির্দেশ দিয়েছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী সুরেশ পূজারি।