গঙ্গাসাগর মেলা ঘিরে তৎপরতা তুঙ্গে, মুড়িগঙ্গায় ড্রেজিংয়ে জোর প্রশাসনের!

ভাটার সময়ও ভেসেল চলাচল সচল রাখতে তিনটি চ্যানেলে ড্রেজিংয়ের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদন: সুন্দরবনে ভেসেল চলাচল ব্যবস্থাকে আরও উন্নত এবং নিরবচ্ছিন্ন করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। জোয়ার-ভাটার ওপর নির্ভরতা কমিয়ে ভাটার সময়ও যাতে ভেসেল চলাচল ব্যাহত না হয়, তার জন্য এবার নদীপথে তিনটি আলাদা চ্যানেলে পলি তোলার (ড্রেজিং) কাজ শুরু হচ্ছে।
সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা জানিয়েছেন, অতীতে শুধুমাত্র একটি চ্যানেল ড্রেজিং করা হতো, যার ফলে ভাটার সময় ভেসেল চলাচল বন্ধ রাখতে হতো। সেই সমস্যা সমাধানে এবার তিনটি চ্যানেলকে চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে। এর মধ্যে নদীর মাঝখানে বিদ্যুতের খুঁটির পাশ দিয়ে যাওয়া দুটি চ্যানেল এবং লট এইট থেকে সোজা কচুবেড়িয়া যাওয়ার রুটে ড্রেজিং করা হবে।
সেচ দপ্তর সূত্রে খবর, বর্তমানে লট এইট থেকে কচুবেড়িয়া রুটে ভেসেল পারাপারে ৪৫ থেকে ৫৫ মিনিট সময় লাগে। তবে নদীতে একটি সোজা রুট রয়েছে, যা বর্তমানে অব্যবহৃত। নতুন করে ড্রেজিং সম্পন্ন হলে ওই রুট দিয়ে দ্রুত পারাপার সম্ভব হবে। এতে যাতায়াতের সময় অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
যাত্রী পরিষেবার মানোন্নয়নে ড্রেজিংয়ের পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নেরও পরিকল্পনা নিয়েছে সরকার। মন্ত্রী দীপঙ্কর জানা জানিয়েছেন, লট এইট এবং কচুবেড়িয়া—উভয় ঘাটেই নতুন করে একটি করে জেটিঘাট তৈরি করা হবে। এর ফলে ঘাটে অতিরিক্ত ভিড় সামাল দেওয়া সহজ হবে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ড্রেজিংয়ের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।