কালীপুজোয় বদলে যাচ্ছে বঙ্কিম সেতুর রূপ! পানের পিকের অভিশাপ থেকে বাঁচাতে নয়া উদ্যোগ

হাওড়ার দীর্ঘতম বঙ্কিম সেতু এখন সেজে উঠছে বাংলার কৃষ্টি ও সংস্কৃতির রঙে। কালীপুজোর আগে বঙ্গবাসী মোড় থেকে হাওড়া স্টেশন পর্যন্ত বিস্তৃত এই সেতুর পিলারগুলিতে চলছে নান্দনিক চিত্রশিল্পের কাজ। আর্ট কলেজের ছাত্রছাত্রীদের নিপুণ তুলির টানে ১৪টি পিলারে ফুটে উঠছে রবীন্দ্রনাথ ঠাকুর, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, হাওড়া ব্রিজ থেকে শুরু করে দুর্গাপুজো ও বাংলার গ্রামীণ সংস্কৃতির নানা রূপ। বছরের পর বছর ধরে পানের পিকে নোংরা হয়ে যাওয়া এবং তা পরিষ্কার করতে গিয়ে পিলারের সিমেন্ট-বালি খসে পড়ার সমস্যা রোধ করতেই হাওড়া পুরসভার এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
পুর কর্তৃপক্ষের এই পদক্ষেপে সেতুর সৌন্দর্যায়ন যেমন বাড়ছে, তেমনই নতুন রঙের প্রলেপে পিলারের ক্ষয় রোধ করে এর আয়ু বৃদ্ধি করা সম্ভব হচ্ছে। পুর কমিশনার তেজস্বী রানার নির্দেশেই দ্রুত গতিতে চলছে এই কাজ, যা কালীপুজোর আগেই সম্পূর্ণ হওয়ার কথা। তবে শিল্পকর্মের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও জরুরি বলে মনে করছেন শিল্পীরা। সেতুর পবিত্রতা ও সৌন্দর্য রক্ষায় পানের পিক ফেলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তাঁরা।