কালী-জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর পুলিশের ধামাকা উদ্যোগ, হাতের মুঠোয় মণ্ডপ ও ট্র্যাফিকের লাইভ আপডেট

কালী-জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর পুলিশের ধামাকা উদ্যোগ, হাতের মুঠোয় মণ্ডপ ও ট্র্যাফিকের লাইভ আপডেট

কৃষ্ণনগরের ঐতিহাসিক কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোয় দর্শনার্থীদের সুবিধার্থে এই প্রথম বিশেষ মোবাইল অ্যাপ চালু করল কৃষ্ণনগর পুলিশ জেলা। পুজো মণ্ডপের অবস্থান, যান চলাচলের রুট, নো-এন্ট্রি জোন ও ট্র্যাফিক সংক্রান্ত যাবতীয় তথ্য এখন এক ক্লিকেই পেয়ে যাবেন সাধারণ মানুষ। বাংলা ও ইংরেজি, উভয় ভাষাতেই অ্যাপটি পাওয়া যাচ্ছে। প্রশাসনিক সমন্বয় বৈঠকে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অতুল ভি জানান, পুলিশের সরকারি ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে এবং শীঘ্রই এটি গুগল প্লে স্টোরেও মিলবে। এ ছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিউআর কোড যুক্ত লিফলেট বিলি করা হবে, যা স্ক্যান করেও পরিষেবাটি মিলবে।

উৎসবের দিনগুলিতে নিরাপত্তা জোরদার করতেও একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। ভিড় সামলাতে ওয়াচ টাওয়ার ও ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি মণ্ডপগুলিতে পর্যাপ্ত আলো, জরুরি নির্গমন পথ এবং সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে। জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা চালু থাকবে পুলিশ কন্ট্রোল রুম। প্রশাসনিক নির্দেশিকা মেনে চলা, স্বেচ্ছাসেবকদের সচিত্র পরিচয়পত্র থানায় জমা দেওয়া এবং নির্দিষ্ট সময়সূচি মেনে দ্রুত নিরঞ্জন পর্ব শেষ করার আহ্বান জানিয়েছেন বিধায়ক তারকনাথ চট্টোপাধ্যায়। দর্শনার্থীদের পথ দেখানো থেকে শুরু করে নিরাপত্তা বিধান—প্রযুক্তিনির্ভর এই বিশেষ উদ্যোগ পুজো পরিক্রমায় এক নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *