মাথাভাঙায় প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ স্বর্ণব্যবসায়ী, এলাকা জুড়ে তীব্র আতঙ্ক!

কোচবিহারে গুলিবিদ্ধ স্বর্ণব্যবসায়ী, ছিনতাইয়ের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, কোচবিহার: দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত হলেন কোচবিহারের এক স্বর্ণব্যবসায়ী। মঙ্গলবার রাতে মাথাভাঙার ১ নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম প্রকাশ সরকার। বর্তমানে তিনি কোচবিহার মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পানিগ্রাম এলাকায় কয়েকজন দুষ্কৃতী প্রকাশের পথ আটকায়। অভিযোগ, লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করার পাশাপাশি তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি প্রকাশের পেটে লাগে। রক্তাক্ত অবস্থায় দুষ্কৃতীরা তাঁর কাছে থাকা সোনা ও রুপোর গয়না ছিনতাই করে চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় কোনোক্রমে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান প্রকাশ। এরপর পরিবারের লোকজন তাঁকে দ্রুত মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
আহত ব্যবসায়ীর বাবা সুভাষ সরকার জানান, দোকানের সোনা ও রুপোর জিনিস নিয়ে বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীরা বাইকে করে এসে হামলা চালায় এবং গয়না লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাসসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। ঘটনাস্থল থেকে পুলিশ একটি গুলির খোল উদ্ধার করেছে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করা এই ঘটনার নেপথ্যে কেবলমাত্র ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানা।