নগ্ন ছবির বিনিময়ে পাক গুপ্তচরকে গোপন তথ্য পাচার, ধৃত বায়ুসেনার উইং কম্যান্ডার

নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি গুপ্তচরকে দেশের অত্যন্ত স্পর্শকাতর সামরিক তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বায়ুসেনার এক উইং কম্যান্ডারকে। দিল্লি পুলিশের চার্জশিটে দাবি করা হয়েছে, ওই অফিসার যুদ্ধ-পরিকল্পনা, ড্রোনের সক্ষমতা, লেহ-তে ফাইটার এয়ারক্রাফটের অবস্থান এবং সামরিক মহড়ার ব্লু-প্রিন্টের মতো গোপনীয় নথিপত্র পাচার করেছেন। সরকারি গোপনীয়তা আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
তদন্তে জানা গেছে, চলতি বছরের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই অফিসার পাকিস্তানি চরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। একটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধ-পরিকল্পনার গোপন পাতা পাঠানোর চুক্তি হয়েছিল তাঁদের মধ্যে। ১ এপ্রিল অফিসে স্মার্টফোন নিয়ে প্রবেশের সময় তিনি ধরা পড়েন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অফিসার এবং ওই গুপ্তচরের মধ্যে ৩,০০৮টি টেক্সট মেসেজ, ৬৫টি ছবি, ৪২টি ভয়েস কল এবং ৪টি ভিডিও কল আদানপ্রদান হয়েছিল।
তথ্য পাচারের পাশাপাশি ওই অফিসার পাকিস্তানি চরের পাঠানো ম্যালওয়্যার বা স্পাইওয়্যার নিজের ডিভাইসে ইনস্টল করেছিলেন। এমনকি, তাঁর অধীনস্থ পাঁচজন কর্মীর ডিভাইসেও তিনি সুকৌশলে এই ম্যালওয়্যার ছড়িয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। এই ম্যালওয়্যারগুলি কমান্ড চেইনের গোপন তথ্য হ্যাক করার জন্য তৈরি করা হয়েছিল। এই ঘটনায় দেশের সামরিক পরিকাঠামো এবং জাতীয় নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে বলে পুলিশ আদালতকে জানিয়েছে।