অভিষেকের পিএ-র তথ্যে তৃণমূল অফিসে কোটি টাকা, মাটি চুরি কাণ্ডে বড় বোমা পুলিশের!

অভিষেকের পিএ-র তথ্যে তৃণমূল অফিসে কোটি টাকা, মাটি চুরি কাণ্ডে বড় বোমা পুলিশের!

 

দলীয় কার্যালয়ে লুকানো ১ কোটির বেশি নগদ টাকা, চাঞ্চল্য ডায়মন্ড হারবারে

নিজস্ব প্রতিবেদক, ডায়মন্ড হারবার: দক্ষিণ ২৪ পরগনার সরিষায় এক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে উদ্ধার হলো ১ কোটি টাকারও বেশি নগদ অর্থ। প্রায় ৩০০ কোটি টাকার জমি ও মাটি কেলেঙ্কারির তদন্তে নেমে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এই ঘটনায় শাসক দলের এক বিধায়কের অনুগত হিসেবে পরিচিত সুমিত রায়কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর কালীতলা ও আশুতি থানা এলাকায় জমি ও মাটি সংক্রান্ত একটি বড়সড় দুর্নীতির অভিযোগে সুমিত রায়কে গ্রেফতার করা হয়। আদালত তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। পুলিশি জেরায় অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতেই সরিষায় মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের অনুগতদের ব্যবহৃত ওই দলীয় কার্যালয়ে হানা দেন তদন্তকারীরা। তল্লাশির সময় অফিসটির ভেতর থেকে থরে থরে সাজানো নগদ টাকার বান্ডিল উদ্ধার হয়।

বুধবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার (জোনাল) অভিষেক মজুমদার সাংবাদিক বৈঠকে জানান, ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত কালীতলা থানা এলাকায় প্রায় ৩০০ কোটি টাকার মাটি বেআইনিভাবে কেটে বিক্রি করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই অবৈধ কারবারের লভ্যাংশ বা নগদ টাকা গোপন করার জন্যই রাজনৈতিক কার্যালয়টিকে ‘নিরাপদ আস্তানা’ হিসেবে ব্যবহার করা হতো।

তদন্তকারীদের দাবি, এই বিশাল দুর্নীতি চক্রের নেপথ্যে একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কিছু প্রশাসনিক আধিকারিকের যোগসূত্র থাকতে পারে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ ঠিক কার নির্দেশে ওই কার্যালয়ে রাখা হয়েছিল এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখতে অভিযুক্ত সুমিত রায়ের বয়ান ও কার্যালয় থেকে জব্দ নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে।

উৎসবের মরশুমে খোদ রাজনৈতিক কার্যালয় থেকে এভাবে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *