রাস্তা আটকে মণ্ডপ! পুলিশের হস্তক্ষেপে সচল দমদম রোড

রাস্তা আটকে মণ্ডপ! পুলিশের হস্তক্ষেপে সচল দমদম রোড

 

দমদমে রাস্তায় মণ্ডপ তৈরিতে নিষেধাজ্ঞা, সরস্বে সরিয়ে নেওয়া হলো কালীপুজোর প্যান্ডেল

নিজস্ব প্রতিবেদক, দমদম: রাস্তার ওপর মণ্ডপ তৈরিকে কেন্দ্র করে দমদমে শুরু হয়েছে বিতর্ক। যানজট নিরসনের অজুহাতে ৫৬ বছরের পুরনো একটি কালীপুজোর মণ্ডপ তৈরির কাজ মাঝপথে বন্ধ করে দিয়েছে প্রশাসন, যার জেরে ক্ষোভ প্রকাশ করেছেন ক্লাব কর্তৃপক্ষ।

দমদম স্টেশন থেকে নাগেরবাজারগামী দমদম রোডের ওপর দীর্ঘ ৫৬ বছর ধরে পুজো করে আসছে ‘খামখেয়ালি সংঘ’। প্রতিবারের মতো এবারও রাজীব ভবন সংলগ্ন রাস্তার ওপর বিশাল থিমের মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু গত শনিবার আচমকাই পুলিশ এসে কাজ বন্ধ করে দেয় এবং মণ্ডপ তৈরির কয়েকজন কর্মীকে নাগেরবাজার থানায় নিয়ে যায়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ক্লাব কর্তৃপক্ষ মণ্ডপ খুলে তা সরিয়ে পাশের ঘোষপাড়া গলিতে নিয়ে যেতে বাধ্য হয়েছে। সেখানে এখন ছোট পরিসরে পুজোর আয়োজন করা হচ্ছে।

ক্লাব সদস্যদের অভিযোগ, বিগত সাত দিন ধরে মণ্ডপ তৈরির কাজ চলছিল, অথচ তখন প্রশাসনের পক্ষ থেকে কোনো আপত্তি জানানো হয়নি। ক্লাবের সভাপতি পিন্টু ঘোষ বলেন, “আগে এই সিদ্ধান্ত জানানো হলে আমাদের মণ্ডপ তৈরি, ভাঙা ও পুনরায় নির্মাণের মতো বিড়ম্বনায় পড়তে হতো না। তবে প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তা মেনে নিয়েছি।”

উল্লেখ্য, গত বছরও স্থানীয় কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় (ফুচু) জানিয়েছিলেন, রাস্তার ওপর পুজো হলে যানজট সৃষ্টি হয়, তাই বেশ কিছু পুজো বন্ধ বা স্থানান্তর করা হয়েছিল। তবে ‘খামখেয়ালি সংঘ’-এর পুজোটি তখন রাস্তার ওপরই হয়েছিল। এবার সেই ব্যতিক্রমী অবস্থান থেকে সরে এল প্রশাসন।

বিষয়টি নিয়ে দমদমের বিধায়ক অরিজিৎ বক্সি জানান, এটি কয়েক দশকের সমস্যা। জনসাধারণের দীর্ঘদিনের অসুবিধার কথা মাথায় রেখেই প্রশাসন এ বছর মূল সড়ক থেকে মণ্ডপ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিধায়কের দাবি, সাধারণ মানুষের স্বার্থেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *