পুজো পাস দুর্নীতিতে দ্বিতীয় গ্রেফতার, পুলিশের জালে ইন্দ্রনীলের সংস্থার অন্যতম মাথা!

পুজো পাস ও টিকিট বিক্রির নামে ১১৫ কোটির দুর্নীতি: গ্রেফতার ধ্রুবজ্যোতি বসু
কলকাতা: দুর্গাপূজার পাস ও প্রিভিউ শোয়ের টিকিট বিক্রির নামে বিশাল আর্থিক দুর্নীতির অভিযোগে ধ্রুবজ্যোতি বসু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বুধবার সন্ধ্যায় তাঁকে টেরিটি বাজার এলাকা থেকে আটক করা হয়। তদন্তকারীদের দাবি, এই পুরো দুর্নীতির নেপথ্যে থেকে বেআইনি লেনদেনের টাকা আড়াল করার মূল দায়িত্ব ছিল তাঁরই।
পুলিশের তদন্তে জানা গিয়েছে, ২০২১ সালে দুর্গাপূজা ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর ‘মাস আর্ট সোসাইটি’ নামে একটি সংস্থা তৈরি করা হয়। অভিযোগ, এই সংস্থাকে ঢাল হিসেবে ব্যবহার করে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইউনেস্কোর নাম ও লোগো বেআইনিভাবে ব্যবহার করে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল। এই দুর্নীতির অংক প্রায় ১১৫ কোটি টাকা বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, যার মধ্যে শুধু পুজোর পাস বিক্রি থেকেই ৩০ থেকে ৬০ কোটি টাকা আদায় করা হয়েছে।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, তথ্য ও সংস্কৃতি দফতরের টেন্ডারে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছিল ধ্রুবজ্যোতির সংস্থা। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেন এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। মধুছন্দা সেন বর্তমানে কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেলেও, তাঁকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। লালবাজারে ইন্দ্রনীল ও মধুছন্দাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হলে, তাঁরা একে অপরের বিরুদ্ধে দায় চাপিয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি, প্রাক্তন মন্ত্রীর কন্যাও তদন্তকারীদের নজরে রয়েছেন।
গত ২৮ অক্টোবর এই মামলায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। এর আগে ইডি তাঁর কসবার বাড়ি ও সিঙ্গুরের বাগানবাড়িতে তল্লাশি চালায়। ‘মাস আর্ট সোসাইটি’র প্রেসিডেন্ট সায়ন্তন মৈত্র এবং কোষাধ্যক্ষ রঞ্জন চট্টোপাধ্যায়ের নামও এফআইআরে রয়েছে। ধ্রুবজ্যোতি বসু টালা প্রত্যয় পুজোর সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের জেরা করে এই দুর্নীতির সঙ্গে যুক্ত অন্যদের শনাক্ত করার প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।