রবীন্দ্র সরোবরে ছট পুজো নিয়ে মন্ত্রীর ইউ-টার্ন, তুঙ্গে বিতর্ক!

রবীন্দ্র সরোবরে ছট পুজো: পরিবেশ বিধি মেনে বিকল্পের সন্ধানে প্রশাসন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দীর্ঘ প্রায় নয় বছর ধরে পরিবেশ দূষণের আশঙ্কায় ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের (এনজিটি) নির্দেশে রবীন্দ্র সরোবরে ছট পুজো বন্ধ রয়েছে। তবে আসন্ন ছট পুজোকে কেন্দ্র করে রবীন্দ্র সরোবরে পূজার্চনার অনুমতি দেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। বিষয়টি নিয়ে পরিবেশকর্মী ও প্রশাসনের মধ্যে নতুন করে চর্চা শুরু হয়েছে।
মঙ্গলবার রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি দেওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেন, “রবীন্দ্র সরোবরের আশেপাশে থাকা মানুষজন কোথায় পুজো করবেন, সেই কথা ভেবেই আমরা ভাবছি সেখানে পুজো করার অনুমতি দেওয়া যায় কি না। মুখ্যমন্ত্রীরও একই ইচ্ছা রয়েছে। আমরা ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের সঙ্গে আলোচনা করব। পরিবেশ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং জলাশয় যেন ময়লা না হয়, তা নিশ্চিত করতে আমাদের লোকজন সেখানে নজরদারি চালাবে।”
মন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশকর্মী নব দত্ত। তিনি বলেন, “রবীন্দ্র ও সুভাষ সরোবর বদ্ধ জলাশয়। ট্রাইবুনালের স্পষ্ট নির্দেশ রয়েছে, সেখানে পুজোর আচার-অনুষ্ঠান চললে জলদূষণ অনিবার্য এবং তা সামগ্রিক বাস্তুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলবে। এতদিন ধরে যে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে, তা ভাঙা হলে পরিবেশের চরম ক্ষতি হবে।”
পরবর্তীতে মঙ্গলবার বিকেলেই দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক এলাকার একটি জলাশয় পরিদর্শনে গিয়ে মন্ত্রী সুর কিছুটা নমনীয় করেন। তিনি জানান, আদালতের নির্দেশের প্রতি সম্মান রেখেই সরকার এগোবে। মন্ত্রী বলেন, “ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ এবং পরিবেশের সুরক্ষার বিষয়টি আমাদের কাছে অগ্রাধিকার পাবে। যদি রবীন্দ্র সরোবরে পুজোর অনুমতি পাওয়া সম্ভব না হয়, তবে বিকল্প হিসেবে দক্ষিণ কলকাতায় অবাঙালি সম্প্রদায়ের মানুষের জন্য ৫০টি জলাশয়ের ব্যবস্থা রাখা হয়েছে। আমার লিগ্যাল সেল পুরো বিষয়টি খতিয়ে দেখছে।”
উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে গত কয়েক বছর ধরেই রবীন্দ্র সরোবরসহ একাধিক বদ্ধ জলাশয়ে ছট পুজোয় কড়া বিধিনিষেধ আরোপ করেছে এনজিটি। সরকারের পক্ষ থেকে আইনি লড়াই ও বিকল্প ব্যবস্থা—উভয় পথই খোলা রাখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।