পথের সারমেয়দের জন্য অনন্য নজির, হাওড়ায় চালু হলো ১৪টি বিশেষ ডগ ফিডিং জোন!

পথ পশুদের জন্য বিশেষ প্রকল্প হাওড়া পুরসভার, উদ্বোধন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
নিজস্ব প্রতিবেদন, হাওড়া: শহরের অবলা প্রাণীদের সুরক্ষায় এক সুসংগঠিত উদ্যোগ গ্রহণ করল হাওড়া পুরসভা। বুধবার পুরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শনে এসে এই বিশেষ ‘পথ পশু কল্যাণ’ প্রকল্পের সূচনা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। হাওড়া টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী উমেশ রাই ও পুর কমিশনার তেজস্বী রানাসহ বিশিষ্টরা।
নতুন এই প্রকল্পের আওতায় শহরের পথ সারমেয়দের জন্য ১৪টি ‘ডগ ফিডিং জোন’ বা নির্দিষ্ট খাবারের জায়গা চিহ্নিত করা হয়েছে। ১৩, ২৯, ৪২, ৪৪ ও ৪৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাকে এই জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিন অনুষ্ঠানে পাঁচজন ডগ ফিডারের হাতে পরিচয়পত্র ও ফিডিং কিট তুলে দেওয়া হয়। পুরসভা সূত্রে জানানো হয়েছে, যত্রতত্র খাবার না ছড়িয়ে নির্দিষ্ট জায়গায় দায়িত্বশীলভাবে যাতে পশুদের খাওয়ানো যায়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। পাশাপাশি, পথ সারমেয়দের নির্বীজকরণের জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও পুরসভা চুক্তি স্বাক্ষর করেছে।
উদ্যোগটির বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “দীর্ঘদিন ধরেই পথপশুদের কল্যাণে পরিকল্পনা ছিল, যা আজ বাস্তবায়িত হলো। যারা নিয়মিত পশুদের খাওয়ান, তাঁদের নথিভুক্ত করা হবে এবং পরিচয়পত্র দেওয়া হবে। এই পুরো বিষয়টি তদারকির জন্য পুরসভায় নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে।” তিনি জানান, ভবিষ্যতে পথপশুদের জন্য ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম, অ্যাম্বুলেন্স ও হাসপাতাল চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়াও হাওড়া, কলকাতা, বালি ও আসানসোল পুরসভা এলাকায় গাছপালায় পাখিদের জন্য কৃত্রিম বাসা ও খাবারের ব্যবস্থা করা হবে।
এদিন শুধুমাত্র পথপশু কল্যাণ নয়, হাওড়া পুরসভার সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন হয়। এর মধ্যে বাণীবিহারী বোস লেনে একটি আরবান প্রাইমারি হেলথ সেন্টার এবং ৭, ১০, ১৪, ১৮, ২০, ২৬, ২৯ ও ৬৩ নম্বর ওয়ার্ডে আটটি আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের ভার্চুয়াল উদ্বোধন করেন মন্ত্রী। একই অনুষ্ঠানে শহরের সাফাই বিভাগের সেরা তিনজন সেক্টর পারফরমার এবং ৫০ জন সাফাইকর্মীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া শরৎসদনে গিগ কর্মীদের জন্য একটি প্রতীক্ষালয় এবং পুরসভার কাছে মিউরাল পেইন্টিংয়ের কাজ পরিদর্শন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।