হুগলির শিশুদের মুখে হাসি ফোলাল চিনা কনস্যুলেট!

গ্রামীণ শিশুদের পাশে কলকাতার চিনা কনস্যুলেট, গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষার প্রসারে
কলকাতা: পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পরিদর্শনের পাশাপাশি সেখানকার শিশু ও শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সহায়তার হাত বাড়িয়ে দিল কলকাতায় অবস্থিত চিনা কনস্যুলেট। কনস্যুলেটের পক্ষ থেকে গ্রামীণ শিশুদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়ার এক অনুষ্ঠানে এমনটাই জানানো হয়েছে।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চিনা কনসাল জেনারেল বলেন, “পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম ঘুরে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। আমাদের এই ক্ষুদ্র উপহার শিশুদের পড়াশোনাকে আরও আনন্দময় করে তুলবে বলে আশা রাখি।”
চিনের নিজস্ব অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, একসময় চিনের গ্রামাঞ্চলের শিশুদেরও শিক্ষার ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। তবে দারিদ্র্য বিমোচন কর্মসূচি, বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা, পাঠ্যপুস্তক সরবরাহ এবং পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে চিন এখন প্রাথমিক স্তরে ৯৯.৯ শতাংশ ভর্তির হার নিশ্চিত করতে সক্ষম হয়েছে। গ্রামীণ পুনরুজ্জীবন প্রকল্পের অংশ হিসেবে বর্তমানে সেখানে ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে উন্নতমানের শিক্ষাসম্পদ পৌঁছে দেওয়া হচ্ছে।
শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “শিক্ষা মানে কেবল তথ্য দিয়ে পাত্র পূর্ণ করা নয়, বরং মানুষের অন্তরে জ্ঞানের আগুন জ্বালিয়ে দেওয়া। প্রতিটি শিশুরই পৃথিবীর আলোকবর্তিকা হয়ে ওঠার অধিকার রয়েছে।”
ভারত ও চিনের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে ভারপ্রাপ্ত কনসাল জেনারেল বলেন, “মানুষে-মানুষে বন্ধুত্বই রাষ্ট্রে-রাষ্ট্রে সম্পর্কের মূল ভিত্তি। দুই দেশের তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের একে অপরের সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ার মাধ্যমে ভারত ও চিনের মধ্যে বন্ধুত্বের ভিত্তি আরও শক্তিশালী হবে।”
পরিশেষে তিনি ‘মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ’ গড়ার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ভৌগোলিক সীমানা ভিন্ন হলেও সব দেশেরই লক্ষ্য শিশুদের সুস্থ বিকাশ ও উন্নত শিক্ষা নিশ্চিত করা। শিশুদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সেই অভিন্ন ভবিষ্যৎ নির্মাণেরই একটি পদক্ষেপ।