মোদী-শাহের সরকার টিকবে না এক বছরও! হুঙ্কার দিয়ে রাজনীতির পারদ চড়ালেন রাহুল গান্ধী!

মদ্যপানের অভ্যাসে আসক্ত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
নিজস্ব প্রতিবেদন: পাঞ্জাবের বর্তমান আম আদমি পার্টি (আপ) সরকারের তীব্র সমালোচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাঞ্জাবকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করে রাহুল অভিযোগ করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই নিয়মিত মদ্যপানে আসক্ত।
সম্প্রতি এক জনসভায় রাহুল গান্ধী লোকসভার অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, “যখন আমি লোকসভায় ভগবন্ত মানের পাশে বসতাম, তখন সকাল ১১টার মধ্যেই তাঁর মুখ থেকে মদের কড়া গন্ধ পাওয়া যেত। মদ্যপান তাঁর ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু একজন মুখ্যমন্ত্রী যখন রাজ্যের মাদক সমস্যার সমাধানের কথা বলেন, তখন তিনি নিজেই নেশায় ডুবে থাকতে পারেন না।” তিনি আরও যোগ করেন, পাঞ্জাবের এমন একজন নেতা প্রয়োজন যিনি নেশার যন্ত্রণা উপলব্ধি করতে পারেন।
পাঞ্জাবের বর্তমান প্রশাসনিক ব্যবস্থা নিয়েও গুরুতর অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। তাঁর দাবি, পাঞ্জাবের বর্তমান সরকারের নিয়ন্ত্রণ দিল্লির হাতে। রাহুল বলেন, “পাঞ্জাবের ক্ষমতার অর্ধেক রিমোট কন্ট্রোল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে এবং বাকি অর্ধেক অরবিন্দ কেজরিওয়ালের পকেটে রয়েছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সেখানে কেবল দর্শক।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে রাহুল বলেন, তিন বছরের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করার যে প্রতিশ্রুতি শাহ দিয়েছেন, তা অবাস্তব। রাহুলের কথায়, “কেন্দ্রীয় সরকারের আয়ু এক বছরের বেশি নেই। তিন বছর পর অমিত শাহ আর এই পদে থাকবেন না।”
মাদক সমস্যার স্থায়ী সমাধানের পথ বাতলে দিয়ে কংগ্রেস নেতা জানান, শুধুমাত্র পুলিসি কড়াকড়ি দিয়ে মাদক বা গ্যাংস্টার কালচার নির্মূল করা সম্ভব নয়। এজন্য পাঞ্জাবের যুবসমাজের জন্য শিল্পায়ন, কর্মসংস্থান এবং কৃষিব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে পরাজয়ের পর ২০২৭ সালের নির্বাচনী লড়াইকে সামনে রেখে রাহুলের এই কঠোর অবস্থান পাঞ্জাবের রাজনীতিতে আম আদমি পার্টিকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করাল।