রাহুল গান্ধীর কড়া নির্দেশ অমান্য! রামলীলায় অনুপস্থিত ৫০০ যুব কংগ্রেস নেতা পাচ্ছেন বড় শাস্তি

দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’ জোটের ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচিতে রাহুল গান্ধীর স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও অনুপস্থিত ছিলেন যুব কংগ্রেসের বহু নেতাকর্মী। অ্যাপের মাধ্যমে বারকোড স্ক্যান করে উপস্থিতি নথিভুক্ত করার পর দেখা যায়, দাবি করা ১৫ হাজার কর্মীর বিপরীতে মাত্র ২,৮৩১ জন হাজিরা দিয়েছেন। যদিও ইন্টারনেটের ধীরগতির অজুহাত তোলা হয়েছে, তবু এই বিপুল গড়মিলের জেরে কড়া পদক্ষেপের পথে হাঁটছে দল।
যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয়ভানু চিব জানিয়েছেন, উপযুক্ত কারণ দর্শাতে না পারা পদাধিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশের ৬০ জন, হিমাচলের ১৩ জন ও হরিয়ানার ১০ জনসহ মোট ৮৩ জনকে সাসপেন্ড করা হয়েছে। এই শাস্তির সংখ্যা প্রায় ৫০০-এ পৌঁছাতে পারে এবং তালিকায় পশ্চিমবঙ্গের কয়েকজন যুবনেতাও রয়েছেন। এদিকে রামলীলার এই সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতি দাবি করেছে কংগ্রেস, যদিও বিজেপি সেটিকে ‘এআই’-নির্মিত ছবি বলে কটাক্ষ করেছে।