এন্টালিতে ১২ বছরের শিশুকে আটকে রেখে নৃশংস যৌন নির্যাতন!

এন্টালিতে ১২ বছরের শিশুকে আটকে রেখে নৃশংস যৌন নির্যাতন!

 

প্রতিবেশী যুবকের বিরুদ্ধে নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ, পলাতক অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: এন্টালি থানা এলাকায় এক ১২ বছর বয়সী নাবালককে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে নির্যাতিতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো (POCSO) আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বর্তমানে নাবালককে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এন্টালির বাসিন্দা ওই নাবালক গত সোমবার সন্ধ্যায় ট্যাংরা এলাকায় প্রাইভেট টিউশনে গিয়েছিল। সাধারণত রাত ৯টার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও, এদিন রাত ১০টা পার হয়ে গেলেও সে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। টিউশন শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, রাত সাড়ে ৮টা নাগাদই ছুটি হয়ে গিয়েছিল। এরপর খোঁজাখুঁজির সময় স্থানীয় এক ব্যক্তি জানান, নাবালককে প্রতিবেশী এক যুবকের সঙ্গে দেখা গেছে।

অভিযোগ, নাবালকের বাবা ওই যুবকের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ ধাক্কাধাক্কির পর দরজা খোলালে ছেলেকে ভেতরে দেখতে পান। তখন অভিযুক্ত যুবক দাবি করে, রাতের খাবার খাওয়ানোর জন্যই সে ছেলেটিকে ডেকেছিল। এরপর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু বাড়ি ফেরার পর থেকেই নাবালক অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। মঙ্গলবার রাতে সে খাবার খেতে অস্বীকার করলে বকাবকির মুখে সে পুরো ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়।

নির্যাতিতের অভিযোগ, প্রতিবেশী ওই যুবক তাকে ঘরে আটকে রেখে প্রায় এক ঘণ্টা ধরে যৌন নির্যাতন চালায়। এছাড়া, বিষয়টি কাউকে জানালে তাকে ফের একই পরিণতির শিকার হতে হবে বলে হুমকি দেয় অভিযুক্ত। এই ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক এলাকা থেকে পালিয়ে যায়।

এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ নাবালকের মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছে। বর্তমানে তাকে চিকিৎসকদের পরামর্শে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *