বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও নির্যাতন, আত্মঘাতী প্রেমিকা, গ্রেপ্তার প্রেমিক!

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও নির্যাতন, আত্মঘাতী প্রেমিকা, গ্রেপ্তার প্রেমিক!

 

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও আত্মহত্যার প্ররোচনা: গ্রেপ্তার যুবক

দত্তপুকুর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে প্রতারণা এবং মানসিকভাবে নির্যাতনের অভিযোগে নিলয় বাগচি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি নদীয়ার কৃষ্ণনগরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দত্তপুকুরের কাশিমপুর পঞ্চাননতলা এলাকার এক তরুণীর সঙ্গে বিগত দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল নিলয় বাগচির। দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের কথাবার্তাও চলছিল। অভিযোগ, সম্পর্কের সুযোগ নিয়ে নিলয় ওই তরুণীর কাছ থেকে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে আসার পাশাপাশি ওই তরুণীকে নিয়মিত মানসিকভাবে নির্যাতন করা হতো।

এই পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়ে গত সেপ্টেম্বর মাসে ওই তরুণী আত্মঘাতী হন। ঘটনার পর তরুণীর পরিবারের পক্ষ থেকে দত্তপুকুর থানায় নিলয় বাগচির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। মামলা রুজু হওয়ার পর থেকেই অভিযুক্ত যুবক গা-ঢাকা দেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে দত্তপুকুর থানার পুলিশ রায়গঞ্জে অভিযান চালায়। সেখান থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃতকে বারাসাত আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *