হঠাৎ হাসপাতালে শারদ পাওয়ার, ফোন করলেন প্রধানমন্ত্রী মোদী!

অসুস্থ শারদ পাওয়ার, প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কুশল বিনিময়
মুম্বাই: শারীরিক অসুস্থতার কারণে ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছে এনসিপি (শরদ পাওয়ার গোষ্ঠী) প্রধান শারদ পাওয়ারকে। বর্তমানে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন ৮৫ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিবিদ। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
বুধবার সকালে শারদ পাওয়ারের অসুস্থতার খবর পেয়েই তাঁকে সরাসরি ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতার মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাওয়ারের ঘনিষ্ঠ সহযোগী ভিট্টল মানিয়া। কথোপকথনের সময় প্রধানমন্ত্রী রসিকতার সুরে বর্ষীয়ান এই নেতাকে আশ্বস্ত করে বলেন, “সুপ্রিয়া সুলে এখন সম্পূর্ণ প্রস্তুত এবং আমরাও দেশের দায়িত্ব নিতে তৈরি আছি। আপনি দেশ নিয়ে একদম চিন্তা করবেন না, শুধু নিজের শরীরের যত্ন নিন।”
প্রধানমন্ত্রীর এই আন্তরিকতার জবাবে শারদ পাওয়ারও হেসে উত্তর দেন, “আপনি যখন আছেন, তখন দেশ নিয়ে আমার কোনো দুশ্চিন্তাই নেই। আপনি আপনার কাজ চালিয়ে যান।”
এর আগে গত ২ নভেম্বর কাশি ও বুকে তীব্র ব্যথা (প্লিউরিটিক পেইন) নিয়ে পুণের রুবি হল ক্লিনিকে ভর্তি হয়েছিলেন পাওয়ার। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতে বিশ্রামে থাকলেও বুধবার বিকেলে ফের তাঁর কাশি ও বুকে অস্বস্তি বেড়ে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বাবার দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর কন্যা ও সাংসদ সুপ্রিয়া সুলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, কিছু জরুরি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্যই পাওয়ারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিয় নেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর সমর্থকরা, দেশজুড়ে তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা চলছে।