দীপাবলির আগে বড় ধাক্কা, একধাক্কায় অনেকটা বাড়ল আমূলের ঘি ও মাখনের দাম!

আমূলের ঘি ও মাখনের দাম বৃদ্ধি, পকেটে চাপ সাধারণ মানুষের
নিজস্ব প্রতিবেদন: দুধ উৎপাদনের খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে ফের ঘি ও মাখনের দাম বাড়াল সমবায় সংস্থা আমূল। নতুন সংশোধিত মূল্যতালিকা অনুযায়ী, সংস্থাটির বিভিন্ন পণ্যের দামে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, এক কেজি ওজনের আমূল ঘিয়ের কার্টনের দাম ৬৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৮০ টাকা। ৫০০ গ্রাম পিওর ঘিয়ের পাউচের দাম ৩২৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৪৫ টাকায়। একইভাবে, গরুর দুধের ঘিয়ের দামও বাড়ানো হয়েছে। ৫০০ মিলিলিটার পাউচের জন্য এখন গ্রাহককে গুনতে হবে ৩৭০ টাকা (আগে ছিল ৩৫০ টাকা) এবং এক লিটার পাউচের দাম ৬৯৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৩৫ টাকা। অর্থাৎ, বড় প্যাকেটে ক্রেতাকে অতিরিক্ত ৪০ টাকা খরচ করতে হবে।
ঘিয়ের পাশাপাশি বেড়েছে মাখনের দামও। ১০০ গ্রাম মাখনের প্যাকেটের দাম ৬৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৬ টাকা। ৫০০ গ্রামের প্যাকেটের দাম ৩১০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩২৫ টাকা। সংস্থা সূত্রে জানানো হয়েছে, গত ২ অক্টোবর থেকেই নতুন এই সর্বোচ্চ খুচরো মূল্য (এমআরপি) কার্যকর করা হয়েছে।
মূল্যবৃদ্ধির কারণ হিসেবে আমূল জানিয়েছে, দুধ উৎপাদনের খরচ ধারাবাহিকভাবে বেড়ে চলায় পণ্যের দামে এই সমন্বয় করা হয়েছে। ৩৬ লক্ষ দুগ্ধ উৎপাদক কৃষকের মালিকানাধীন এই সংস্থাটি জানায়, উৎপাদন খরচের ঊর্ধ্বগতির কথা মাথায় রেখেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সংশোধিত মূল্য সম্বলিত পণ্যগুলো খুব শীঘ্রই দেশের বিভিন্ন বাজারে পাওয়া যাবে।