বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৫৫ লক্ষের প্রতারণা ও শারীরিক নির্যাতন, অবশেষে গ্রেপ্তার প্রতারক প্রোমোটার!

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার প্রোমোটার
নিজস্ব প্রতিবেদক, হাওড়া: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণা এবং পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগে হাওড়ার চ্যাটার্জিহাট থানা পুলিশ রাজেশ রজক নামের এক প্রোমোটারকে গ্রেপ্তার করেছে। বুধবার অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক তাকে ন’দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ২৪ ডিসেম্বর ওই মহিলার সঙ্গে একটি ফ্ল্যাট দেওয়ার চুক্তি করেছিলেন অভিযুক্ত প্রোমোটার। অভিযোগ, দীর্ঘদিন পেরিয়ে গেলেও ফ্ল্যাট হস্তান্তর বা রেজিস্ট্রি কোনোটাই করা হয়নি। ভুক্তভোগী মহিলার অভিযোগ, তাঁর মায়ের মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত থাকার সুযোগ নিয়ে রাজেশ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। সেই সুযোগে দীর্ঘ সময় ধরে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং তাঁর পৈতৃক সম্পত্তি বিক্রির টাকাও আত্মসাৎ করে।
ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নির্যাতিতা চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে নির্যাতিতার আইনজীবী শরদিন্দু পাত্র বলেন, “অভিযুক্ত ওই প্রোমোটার বছরের পর বছর ধরে ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে। ভুক্তভোগীকে কেবল শারীরিকভাবেই নয়, আর্থিকভাবেও চরম নির্যাতন করা হয়েছে। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।