আশুতোষ পাকিস্তান থেকে টাকা পাচ্ছেন! সৌরভের ফান্ডের উৎস তুলে কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা প্রশ্ন সিজেপি প্রধানের

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিরুদ্ধে পাকিস্তান ও আমেরিকার মতো অননুমোদিত উৎস এবং ভারতবিরোধী বিভিন্ন সংস্থা থেকে অবৈধ বিদেশি ফান্ড সংগ্রহের বিস্ফোরক অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তাঁর দাবি, দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং আশুতোষ রঙ্কা পাকিস্তানের নেতাদের কাছ থেকে নিয়মিত তহবিল পাচ্ছেন। এমনকী আমেরিকান গায়িকা মেরি মিলবেনও সম্প্রতি অভিজিতের বিরুদ্ধে মোদী-বিরোধী মার্কিন দাতাদের থেকে অর্থায়নের অভিযোগ এনেছিলেন। দিল্লির যন্তরমন্তরে বিতর্কিত আন্দোলনের পর সিজেপি-র অন্যতম শীর্ষ মুখ সৌরভ দাস ও আশুতোষের গ্রেপ্তারি এবং পরবর্তী ঘটনাক্রম রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।
কেন্দ্রীয় মন্ত্রীর এই গুরুতর দাবির বিরুদ্ধে সরব হয়ে এবার জোরালো পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। নিজের সমাজমাধ্যম হ্যান্ডেলে করা এক পোস্টে তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানতে চান, “আর সৌরভ?” ককরোচ জনতা পার্টির তিন প্রধান স্তম্ভের মধ্যে আশুতোষ ও তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হলেও সৌরভ দাসের তহবিলের উৎস নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কেন নীরব, সেই বিষয়ে প্রশ্ন তুলে মূল বিতর্কটিকে আরও উসকে দিয়েছেন তিনি।