গণতন্ত্র বাঁচাতে পথে নামছে কেরালা, ৭ নভেম্বর কোচিতে এসআইআর বিরোধী মহাসংগ্রাম!

গণতন্ত্র বাঁচাতে পথে নামছে কেরালা, ৭ নভেম্বর কোচিতে এসআইআর বিরোধী মহাসংগ্রাম!

 

কোচিতে বড়সড় বিক্ষোভ কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির

নিজস্ব প্রতিবেদক: ভোটার তালিকার এসআইআর (SIR) বাতিলের দাবি এবং গণতন্ত্র রক্ষার আহ্বানে আগামী ৭ নভেম্বর বড়সড় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেরলের কোচির রাজেন্দ্র ময়দানে বিকেল ৪টে থেকে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ জানানো হয়েছে।

দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, এই প্রতিবাদ সভায় উপস্থিত থাকবেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। এছাড়াও দলের দক্ষিণ অঞ্চলের প্রধান বিজয় মাল্লাঙ্গি এবং জাতীয় সম্পাদক আফরিন নওয়াজ এই কর্মসূচিতে অংশ নেবেন।

দিল্লিতে সিজেপি নেতাদের গ্রেফতারের পর এটিই দলটির প্রথম বড় কোনো রাজনৈতিক পদক্ষেপ। উল্লেখ্য, গত মাসে দিল্লির যন্তর মন্তরে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবং ভোটার তালিকার এসআইআর-এর প্রতিবাদে বিক্ষোভ দেখানোর সময় অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসসহ দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ।

সে সময় যন্তর মন্তরকে বিক্ষোভ প্রদর্শনের জন্য নিষিদ্ধ (ডিনোটিফাই) ঘোষণা করেছিল প্রশাসন। সেই নির্দেশ অমান্য করে প্রতিবাদ জানানোয় আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মুচলেকা দেওয়ার শর্তে তাঁরা জামিনে মুক্তি পান। একইসঙ্গে, কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙ্গা’ ইভেন্টের ডাক দিয়ে গ্রেফতার হওয়া অভিজিৎ দিপকেও জামিনের শর্ত হিসেবে আগামী এক বছর শান্তিশৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

দিল্লির সেই উত্তাল পরিস্থিতির পর কেরলে এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। যদিও গত ১ নভেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের পদযাত্রায় সমর্থন জানিয়েছিল ককরোচ জনতা পার্টি, তবে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন রামলীলা ময়দানের জনসভায় দলটি সরাসরি অংশগ্রহণ করেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *