ইউরোপের সুপারমার্কেটে সাইবার আতঙ্ক, নষ্ট হলো কোটি টাকার খাবার!

ইউরোপের সুপারমার্কেটে সাইবার আতঙ্ক, নষ্ট হলো কোটি টাকার খাবার!

 

ইউরোপজুড়ে সুপারমার্কেটে বড় ধরনের সাইবার হামলা: খাদ্য সরবরাহ নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তত ১০টি দেশে সুপারমার্কেটের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, জার্মানি এবং সুইডেনের বিভিন্ন সুপারমার্কেটে এই হামলায় খাদ্য সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইইউ কর্মকর্তারা এটিকে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করার একটি সুপরিকল্পিত চক্রান্ত বলে মনে করছেন। গত তিন সপ্তাহ আগেও ফ্রান্সের প্রায় ৭০০টি মুদি দোকানে অনুরূপ সাইবার হামলার ঘটনা ঘটেছিল, যার ফলে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়।

ইউরোপীয় ইউনিয়নের খাদ্য ও কৃষি বিষয়ক কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন জানান, জোটটি এই ঘটনাগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ভবিষ্যতে আরও বিশৃঙ্খলার আশঙ্কায় পুরো ইউরোপে সতর্কবার্তা জারি করা হয়েছে। কমিশন জানিয়েছে, এ ধরনের হামলা অত্যাবশ্যকীয় পরিষেবা এবং জনজীবনকে সরাসরি বিপন্ন করে তুলছে।

ইতালির সরকারের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা ছিল সেকেলে এবং সেগুলোর ইন্টারফেস সরাসরি ইন্টারনেটে উন্মুক্ত ছিল। বেলজিয়ামের ডেলহাইজ সুপারমার্কেটের ম্যানেজার ম্যাথিউ টিলম্যান জানান, তাপমাত্রা নিয়ন্ত্রণের অভাবেই বিপুল পরিমাণ খাবার নষ্ট হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

হামলার শিকার হয়েছে আয়ারল্যান্ডের সুপারভ্যালু, জার্মানির রেভে বুস্কেন এবং পর্তুগালের ইন্টারমার্শে স্টোরের মতো বড় প্রতিষ্ঠানগুলো। সুইডেন, ফিনল্যান্ড ও এস্তোনিয়ার সাইবার নিরাপত্তা সংস্থাও অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির এই ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যুক্তরাজ্যও নড়েচড়ে বসেছে। দেশটির ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার খুচরা বিক্রেতাদের ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থার সফটওয়্যার অবিলম্বে হালনাগাদ করার নির্দেশ দিয়েছে। এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বড় ধরনের ‘হাইব্রিড’ সাইবার হামলা মোকাবিলায় ইউরোপের খাদ্য সরবরাহ চেইনজুড়ে এখন সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *