রাজধানীর পর এবার কেরলে গর্জে উঠবে ককরোচদের ঝোড়ো আন্দোলন!

ভোটার তালিকা নিবিড় সমীক্ষা (SIR) বাতিলের দাবিতে কেরলে আন্দোলনের ডাক সিজেপি-র
নিজস্ব প্রতিবেদন, কোচিন: ভোটার তালিকা নিবিড় সমীক্ষা বা ‘এসআইআর’ (SIR) বাতিলের দাবিতে ফের পথে নামছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ নভেম্বর শনিবার কেরলের কোচিতে অবস্থিত রাজেন্দ্র ময়দানে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হবে।
সংগঠনের নেতা অভিজিৎ দিপকে সমাজমাধ্যমে এই আন্দোলনের ডাক দিয়েছেন। ‘গণতন্ত্র বাঁচান, এসআইআর বাতিল করুন’—এই স্লোগানকে সামনে রেখে বিকেল ৪টেয় রাজেন্দ্র ময়দানে কর্মী-সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে সিজেপি নেতৃত্বের প্রস্তুতি তুঙ্গে।
সূত্রের খবর, শনিবারের এই বিক্ষোভে অভিজিৎ দিপকে ছাড়াও উপস্থিত থাকতে পারেন সিজেপি-র সাউথ জোনের প্রধান বিজয় মাল্লাঙ্গি এবং ন্যাশনাল সেক্রেটারি আফরিন নওয়াজ। তবে দলের অপর দুই সদস্য সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা এই কর্মসূচিতে থাকছেন না বলেই জানা গিয়েছে।
উল্লেখ্য, গত মাসে দিল্লির যন্তর মন্তরেও একই দাবিতে আন্দোলন করেছিলেন সিজেপি নেতারা। সে সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তোলা হয়েছিল। সেই আন্দোলনের সময় মুম্বই থেকে দিল্লিতে পৌঁছানোর পরেই অভিজিৎ দিপকেসহ তিন নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও পরে শান্তি বজায় রাখার শর্তে তাঁদের ছেড়ে দেওয়া হয়। রাজধানী দিল্লির পর এবার দক্ষিণ ভারতে নিজেদের অবস্থান জানান দিতে কেরলে এই নতুন আন্দোলনের পরিকল্পনা করেছে সিজেপি।