আইনি ভয়ে লাটে উঠেছে ঐতিহ্য, বাজি কারিগরদের অন্নসংস্থানে আজ চরম অনিশ্চয়তা!

আইনি ভয়ে লাটে উঠেছে ঐতিহ্য, বাজি কারিগরদের অন্নসংস্থানে আজ চরম অনিশ্চয়তা!

 

আইনি জটিলতায় স্তিমিত মালপাড়ার ঐতিহ্যবাহী বাজির বাজার

নিজস্ব সংবাদদাতা: একসময়কার বাজি তৈরির কেন্দ্র হিসেবে পরিচিত মালপাড়ায় এখন আর আগের মতো বাজির রমরমা নেই। কঠোর আইনি বিধিনিষেধ ও নানা জটিলতার কারণে এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন স্থানীয় বহু কারিগর। বর্তমানে এলাকাটিতে বাজি তৈরির পরিবর্তে পাইকারি বাজার থেকে বাজি কিনে খুচরো বিক্রির প্রবণতাই বেশি লক্ষ্য করা যাচ্ছে।

বুধবার মালপাড়া এলাকা ঘুরে দেখা যায়, কালীপুজোকে কেন্দ্র করে ছোট ছোট দোকান তৈরির প্রস্তুতি চলছে। তবে ক্রেতাদের ভিড় নেই বললেই চলে। বিক্রেতারা নিজেদের নাম প্রকাশ করতেও নারাজ। স্থানীয়দের মতে, একসময় এখানকার উৎপাদিত হাউই, রংমশাল ও তুবড়ি অত্যন্ত জনপ্রিয় ছিল এবং দূর-দূরান্ত থেকে মানুষ এখানে বাজি কিনতে আসতেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখন স্থানীয়ভাবে কোনো বাজিই তৈরি হয় না; ব্যবসায়ীরা মূলত নদীর ওপার থেকে, বিশেষ করে নুঙ্গি থেকে পাইকারি দরে বাজি কিনে এনে বিক্রি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বিক্রেতা জানান, আগে শতাধিক পরিবার এই পেশার সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তা তলানিতে ঠেকেছে। তিনি বলেন, “আইনি জটিলতার কারণে অনেকে এই ব্যবসা ছেড়ে দিয়েছেন। বছরের অন্য সময় বিকল্প কাজে জীবিকা নির্বাহ করতে হয়। কালীপুজোর এই চারদিন বাজি বিক্রি করে যেটুকু আয় হয়, তা-ও আগের তুলনায় অনেক কমে গেছে।”

এলাকার ব্যবসায়ীদের একটি বড় অংশের অভিমত, জীবিকার অন্য কোনো সুযোগ না থাকায় তাঁরা বাধ্য হয়েই এই পেশা আঁকড়ে ধরে আছেন। তবে লাভের পরিমাণ কম হওয়ায় এবং প্রশাসনিক কড়াকড়ি বাড়ায় আগামী দিনে তাঁরা এই ব্যবসায় টিকে থাকতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। একসময়ের খ্যাতনামা বাজির মোকাম মালপাড়ায় এখন তাই কেবলই হারিয়ে যাওয়ার সুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *