দীপাবলির আগে কৃষকদের অ্যাকাউন্টে এল রাজ্য সরকারের বাড়তি অনুদান!

দীপাবলির আগে কৃষকদের অ্যাকাউন্টে এল রাজ্য সরকারের বাড়তি অনুদান!

 

পূর্ব মেদিনীপুরে কৃষকদের জন্য বাড়তি আর্থিক সহায়তা ও কৃষি উপকরণ প্রদান

পূর্ব মেদিনীপুর: রাজ্যের কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বিশেষ উদ্যোগ নিল জেলা প্রশাসন। কেন্দ্রীয় প্রকল্পের নির্ধারিত ভাতার সঙ্গে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ১ হাজার টাকা করে সহায়তা প্রদান শুরু হয়েছে।

বুধবার পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে জেলা প্রশাসন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা হয়। অনুষ্ঠানে ২১ জন উপভোক্তার হাতে সরাসরি আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) তানিয়া পারভিন, জেলা কৃষি আধিকারিক সুকান্ত সাহারায়সহ কৃষি দপ্তরের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

শুধু আর্থিক সহায়তা নয়, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন। এদিনের অনুষ্ঠান থেকে বহু কৃষকের হাতে নতুন মরশুমের জন্য উন্নতমানের সর্ষে ও খেসারি বীজের পাশাপাশি প্রয়োজনীয় কৃষি উপকরণ ও ওষুধপত্র তুলে দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের দ্রুত ক্ষতি পুষিয়ে তাঁদের পুনরায় কৃষিকাজে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ব মেদিনীপুরের বিপুল সংখ্যক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অতিরিক্ত আর্থিক সহায়তা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারি এই সহায়তায় জেলার হাজার হাজার চাষি আর্থিক স্বস্তি পাবেন বলে সংশ্লিষ্ট মহলের আশা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *