রিলস দেখে সস্তায় সোনা কেনার হিড়িক, শেষে এ কী কাণ্ড!

রিলস দেখে সস্তায় সোনা কেনার হিড়িক, শেষে এ কী কাণ্ড!

 

সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে কেনাকাটা, বারুইপুরে সোনার দোকানে জালিয়াতির অভিযোগ

বারুইপুর: সোশ্যাল মিডিয়ায় আকর্ষণীয় বিজ্ঞাপন ও রিলস দেখে সোনার গয়না কিনে প্রতারণার শিকার এক ক্রেতা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। অভিযুক্ত ‘ব্যাঙ্গালোর জুয়েলার্স’-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলির খানাকুলের বাসিন্দা এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গালোর জুয়েলার্সের বিজ্ঞাপন দেখে বারুইপুরের ওই দোকানে সোনার গয়না কিনতে আসেন। অভিযোগ, দোকান থেকে তাঁকে যে গয়না দেওয়া হয়, তার বিলে ওজন লেখা ছিল ২.৫৫০ গ্রাম। কিন্তু গয়না হাতে পাওয়ার পর গুণমান নিয়ে ওই ক্রেতার সন্দেহ হয়। এরপর তিনি গয়নাটি অন্য কোথাও গলিয়ে পরীক্ষা করান। পরীক্ষায় দেখা যায়, ২.৫৫০ গ্রামের পরিবর্তে সেখানে মাত্র ১.১৪০ গ্রাম সোনা রয়েছে। অর্থাৎ, ওজনে অর্ধেকেরও বেশি কারচুপি করা হয়েছে।

ভুক্তভোগীর আরও অভিযোগ, বিলে হলমার্ক চার্জ বাবদ বাড়তি টাকা নেওয়া হলেও, গয়নায় কোনও আসল হলমার্কের চিহ্ন ছিল না। এছাড়া ২২ ক্যারেটের সোনা বলে বিক্রি করা হলেও পরীক্ষার পর দেখা যায়, গয়নাটি নির্দিষ্ট মানের ধারেকাছেও নেই। এই ঘটনার জেরে ভুক্তভোগী ক্রেতা থানায় লিখিত অভিযোগ জানান।

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বারুইপুর থানার পুলিশ ওই জুয়েলার্সের দোকানে গিয়ে নথিপত্র খতিয়ে দেখে। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে অস্বীকার করেন অভিযুক্ত দোকানের মালিক। প্রতারিত ক্রেতার অভিযোগ, সস্তা বিজ্ঞাপনের আড়ালে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত কি না বা কতজন মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *