নারকেল ছাড়াই দুধ আর বিশেষ মশলায় তৈরি করুন রাজকীয় স্বাদের চিংড়ির মালাইকারি!

নারকেল ছাড়াই দুধ আর বিশেষ মশলায় তৈরি করুন রাজকীয় স্বাদের চিংড়ির মালাইকারি!

 

নারকেলের দুধ ছাড়াই তৈরি করুন সুস্বাদু চিংড়ির মালাইকারি: রইল সহজ রেসিপি

নিজস্ব প্রতিবেদক: অনেকেরই ধারণা, চিংড়ির মালাইকারি মানেই তাতে নারকেলের দুধের ব্যবহার অপরিহার্য। তবে সেই ধারণা ভেঙে এবার নারকেলের দুধ ছাড়াই বাড়িতে তৈরি করা সম্ভব এই রাজকীয় পদ। স্বাদ ও গন্ধে কোনো আপস না করেই কীভাবে এই পদটি তৈরি করবেন, তার বিশদ প্রণালী নিচে দেওয়া হলো।

প্রয়োজনীয় উপকরণ:
১ কেজি গলদা বা বাগদা চিংড়ি, আড়াই কাপ দুধ, ৫-৬ চা চামচ টক দই, ৩ টেবিল চামচ পোস্ত দানা, ১ টেবিল চামচ সর্ষে দানা, ৫-৬টি কাজুবাদাম, ২টি পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ রসুন বাটা, দেড় টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, দেড় চা চামচ হলুদ গুঁড়ো, ২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আধ চা চামচ ধনে গুঁড়ো। এছাড়া গোটা গরম মশলা (লবঙ্গ, এলাচ, দারচিনি), পরিমাণমতো নুন, চিনি ও সর্ষের তেল।

প্রস্তুত প্রণালী:
প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন, সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখুন। মিক্সিতে পোস্ত, সর্ষে ও কাজুবাদাম দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন।

কড়াইতে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। মনে রাখবেন, মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে। এবার ওই তেলেই গোটা গরম মশলা ফোরন দিয়ে পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে নিন। এরপর রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে হলুদ, লঙ্কা ও ধনে গুঁড়ো মিশিয়ে দিন।

মশলার কাঁচা গন্ধ চলে গেলে আঁচ কমিয়ে কাজু-পোস্ত-সর্ষের পেস্টটি দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়লে নুন, সামান্য চিনি ও ফেটানো টক দই মিশিয়ে নিন। এরপর দুধ ও প্রয়োজনমতো জল দিয়ে ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছেড়ে দিন।

সবশেষে কড়াই ঢাকা দিয়ে ঢিমে আঁচে কিছুক্ষণ রান্না করুন যাতে মাছের ভেতরে মশলার স্বাদ ভালোভাবে প্রবেশ করে। নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু চিংড়ির মালাইকারি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *