আইনশৃঙ্খলা না পারলে পদত্যাগ করুন! প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ জানিয়ে বিপাকে কংগ্রেস

প্রধান বিচারপতিকে নিয়ে বিতর্কিত পোস্ট: কেরল কংগ্রেসকে নোটিশ সুপ্রিম কোর্টের
নিজস্ব প্রতিবেদন: দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করার ঘটনায় কেরল কংগ্রেসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ এই মামলায় কেরল কংগ্রেস নেতৃত্বকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে।
মামলার সূত্রপাত গত ১২ অক্টোবর। সেদিন কেরল কংগ্রেসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রধান বিচারপতির উদ্দেশে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, “প্রিয় সূর্য কান্ত, আইনশৃঙ্খলা আপনার এক্তিয়ারভুক্ত না হলে পদত্যাগ করুন। আমরা আপনার বিকল্প খুঁজে নেবো, বিষয়টি সামলে নিতে পারবে।” এই পোস্টের ভাষা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে আইনি চাপের মুখে পোস্টটি মুছে ফেলা হলেও বিষয়টি আদালতের নজরে আসে। আইনজীবী বিনীত জিন্দাল এই ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেন।
শুক্রবার শুনানিকালে সুপ্রিম কোর্ট অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করে। ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, সাংবিধানিক কাঠামোর ঊর্ধ্বে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল নেই। আদালত মন্তব্য করে, “সংবিধানই সর্বোচ্চ, কোনো ব্যক্তি অথবা রাজনৈতিক সংগঠন তার ঊর্ধ্বে নয়। বিচারব্যবস্থার স্বাধীনতা কোনো রাজনৈতিক দলের সুবিধার জন্য নয়।”
বিচারপতিরা আরও বলেন, বিচার বিভাগের গঠনমূলক সমালোচনা করার অধিকার প্রত্যেকের থাকলেও, বাকস্বাধীনতার নামে বিচার ব্যবস্থাকে আক্রমণ বা প্রশাসনিক কাজে অযাচিত হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। আদালতের কর্তৃত্ব খাটো করার কোনো প্রচেষ্টাকেই প্রশ্রয় দেওয়া হবে না বলে শীর্ষ আদালত হুঁশিয়ারি দিয়েছে। কোনো প্রভাবশালী ব্যক্তি বা সংগঠন হলেও, আদালতের অবমাননার ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে বেঞ্চ।