পরীক্ষার ১০১ দিন আগেই চমক সিবিএসই-র, প্রকাশিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রুটিন!

২০২৭ সালের বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ: পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২০২৭ সালের ১৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে শুরু হতে চলেছে সিবিএসই বোর্ড পরীক্ষা। শিক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই বিস্তারিত সময়সূচি বা রুটিন প্রকাশ করেছে বোর্ড। স্কুলগুলোর পক্ষ থেকে সময়মতো ‘এলওসি’ (LOC) জমা দেওয়া সম্ভব হওয়ায় এবার রেকর্ড সময়ে রুটিন প্রকাশ করা হয়েছে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, আসন্ন পরীক্ষায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নিচ্ছেন। দশম শ্রেণিতে ৮৩টি বিষয়ের পরীক্ষায় ২৬.৫ লক্ষেরও বেশি এবং দ্বাদশ শ্রেণিতে ১২১টি বিষয়ের পরীক্ষায় প্রায় ১৯.৮ লক্ষ শিক্ষার্থী নাম নথিভুক্ত করেছেন। বোর্ড নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিনের পরীক্ষা ভারতীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে।
পরীক্ষার্থীদের সুবিধার্থে ও মানসিক চাপ কমাতে রুটিন তৈরির ক্ষেত্রে পর্ষদ বেশ কিছু বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে:
- পর্যাপ্ত ব্যবধান: প্রতিটি বিষয়ের পরীক্ষার মাঝে প্রয়োজনীয় বিরতি রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা রিভিশনের জন্য পর্যাপ্ত সময় পান।
- প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি: দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন উচ্চশিক্ষা প্রবেশিকা পরীক্ষার সূচির কথা মাথায় রেখে বোর্ড পরীক্ষা সময়মতো শেষ করার পরিকল্পনা করা হয়েছে।
- বিষয়ের সমন্বয়: ৪০ হাজারেরও বেশি বিষয়ের সংমিশ্রণ অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করা হয়েছে, যাতে কোনো শিক্ষার্থীর দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা একই দিনে না পড়ে।
- শিক্ষক ও মূল্যায়নের সুবিধা: খাতা মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকদের নিজ বিদ্যালয় থেকে দীর্ঘ সময় দূরে থাকার বিড়ম্বনা এড়াতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
পর্ষদের মতে, আগেভাগে রুটিন প্রকাশিত হওয়ায় শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। পাশাপাশি অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষও অন্যান্য প্রাতিষ্ঠানিক কাজ সময়মতো গুছিয়ে নিতে পারবে।
পরীক্ষার্থীরা বিস্তারিত ডেট শিট বা রুটিন দেখতে সিবিএসইর অফিসিয়াল ওয়েবসাইট (www.cbse.gov.in) ভিজিট করতে পারবেন।