সোশ্যাল মিডিয়ায় রিল বানানোর উন্মাদনা! নাবালককে চোখ বেঁধে জীবন্ত পোড়ানোর চেষ্টা?

সোশ্যাল মিডিয়ায় রিল বানানোর উন্মাদনা! নাবালককে চোখ বেঁধে জীবন্ত পোড়ানোর চেষ্টা?

 

গড়ফায় কিশোরের গায়ে পেট্রল ঢেলে আগুন, ধৃত ২, আটক ২ নাবালক

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় রিলস তৈরির নেশায় এক নাবালককে ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে গত ২৭ অক্টোবর দক্ষিণ কলকাতার গড়ফা থানা এলাকার নেলিনগরে। এই ঘটনায় মূল অভিযুক্ত অর্ঘ্য সাহা-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে আরও দুই নাবালককে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন নেলিনগরে একটি পুকুরের ধারে দাঁড়িয়ে ছিল আক্রান্ত কিশোর। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক ও কিশোর তাকে ঘিরে ধরে এবং হেলমেট পরিয়ে চোখ বেঁধে দেয়। এরপর চলে এক ‘অদ্ভুত খেলা’। কিশোরকে একের পর এক চড় মেরে অভিযুক্তদের চিনতে বলা হয়। বেশ কয়েকবার চড় খাওয়ার পরেও কাউকে চিনতে না পারায় অত্যাচারের মাত্রা বাড়তে থাকে।

অভিযোগ, এরপর একটি মোটরসাইকেল থেকে পেট্রল বের করে ছোট পাত্রে নেওয়া হয়। প্রথমে ওই কিশোরকে জোর করে পেট্রল খাওয়ানোর চেষ্টা করা হয়। ব্যর্থ হওয়ার পর তার সারা শরীরে পেট্রল ঢেলে দেওয়া হয়। এরপর এক নাবালক দেশলাই কাঠি জ্বালিয়ে ছুড়ে দিলে মুহূর্তের মধ্যে কিশোরের পোশাকে আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে কোনোমতে গায়ের জ্বলন্ত পোশাক ছিঁড়ে ফেলে সে রক্ষা পায়। স্থানীয় বাসিন্দারা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে গড়ফা থানা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই পুরো বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ‘রিল’ তৈরির উদ্দেশ্যে করা হয়েছিল। ঘটনার ভিডিও রেকর্ড করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শহরের বুকে নাবালকের ওপর এমন নৃশংসতায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *