সরকারি তথ্য হাতিয়ে নেওয়ার ছক কষছে হ্যাকাররা, সতর্কবার্তা জারি করল প্রশাসন!

সরকারি তথ্য হাতিয়ে নেওয়ার ছক কষছে হ্যাকাররা, সতর্কবার্তা জারি করল প্রশাসন!

 

সাইবার হানা নিয়ে রাজ্যের সব সরকারি দফতরকে সতর্কবার্তা, জারি ৫ দফা নির্দেশিকা

নিজস্ব প্রতিবেদন: গত সেপ্টেম্বরে সরকারি ওয়েবসাইট অচল হয়ে পড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই, সাইবার নিরাপত্তার ঝুঁকি নিয়ে রাজ্যের সব সরকারি দফতরকে জরুরি সতর্কবার্তা পাঠাল ‘ওয়েস্ট বেঙ্গল নেক্সট জেনারেশন সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার’ (WBNGCSOC)। সরকারি ওয়েবসাইটের পিএইচপি (PHP) কোডে থাকা ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা রিমোট কন্ট্রোলের মাধ্যমে ওয়েবসাইট দখল করে সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি ‘থ্রেট অ্যাডভাইজ়রি’ শিরোনামে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, ওয়েবসাইট পরিচালনার জন্য ব্যবহৃত পিএইচপি-র নির্দিষ্ট কিছু সংস্করণে নিরাপত্তাজনিত ত্রুটি (CVE-2026-109618/109619) পাওয়া গেছে। এটি ব্যবহার করে হ্যাকাররা সরকারি ডেটাবেস বা তথ্যের ভান্ডারে অনধিকার প্রবেশ করতে পারে।

এই ঝুঁকি মোকাবিলায় পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সিকিউরিটি অপারেশন সেন্টার:

১. কোন কোন কম্পিউটার, সার্ভার এবং অনলাইন পরিষেবায় পিএইচপি ব্যবহৃত হচ্ছে, তা দ্রুত চিহ্নিত করতে হবে।
২. পিএইচপি-র কোন সংস্করণ ব্যবহৃত হচ্ছে তা যাচাই করে অবিলম্বে প্রয়োজনীয় সিকিউরিটি প্যাচ বা আপডেট ইনস্টল করতে হবে।
৩. যে ওয়েবসাইটগুলো সরাসরি ইন্টারনেটের সঙ্গে যুক্ত, সেগুলোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
৪. যেসব ওয়েবসাইটে ফাইল আপলোড বা বাইরে থেকে তথ্য পাঠানোর ব্যবস্থা রয়েছে, সেখানে বিশেষ নজরদারি চালাতে হবে।
৫. কোনো ত্রুটি চিহ্নিত হলে দ্রুততার সঙ্গে তা মেরামত বা সমস্যার সমাধান করতে হবে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট আচমকা অচল হয়ে গিয়েছিল, যার ফলে জন্ম-মৃত্যু নিবন্ধীকরণসহ বিভিন্ন সরকারি পরিষেবার কাজ ব্যাহত হয়। যদিও সরকারিভাবে সে সময় সরাসরি ‘সাইবার হানা’র কথা স্বীকার করা হয়নি, তবে ঘটনার পর থেকেই দফতরগুলোকে তথ্য সুরক্ষায় বিকল্প ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

এদিকে, শুক্রবার কলকাতায় আয়ুষ্মান ভারত প্রকল্পের মূল্যায়ন সংক্রান্ত একটি সভায় সাইবার নিরাপত্তার বিষয়টি নতুন করে উঠে আসে। কেন্দ্রীয় ‘ন্যাশনাল হেলথ অথরিটি’র প্রতিনিধিরা রাজ্যের শীর্ষ কর্তাদের সতর্ক করে জানান, কেন্দ্রীয় ওয়েবসাইটগুলোতেও নিয়মিত হানা চালানোর চেষ্টা চলছে। তাই রাজ্যকেও এই বিষয়ে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের প্রাক্তন বিভাগীয় প্রধান সুনীল কার্ফর্মা এ বিষয়ে বলেন, “পিএইচপি একটি সার্ভার-সাইড স্ক্রিপ্টিং ভাষা। কোডিংয়ে দুর্বলতা থাকলে এসকিউএল ইঞ্জেকশন বা ক্রস-সাইট স্ক্রিপ্টিংয়ের মতো সাইবার আক্রমণের বড় ঝুঁকি থেকে যায়।”

সরকারি তথ্য সুরক্ষিত রয়েছে কি না—তা নিয়ে উদ্বেগ থাকলেও, স্বাস্থ্য ভবনের এক কর্তা জানিয়েছেন, সাইবার নিরাপত্তা কেন্দ্রের পরামর্শ মেনেই প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *