সৌরভের অনুমতি ছাড়া লর্ডসের জার্সি ব্যবহার নয়! কড়া নির্দেশ দিল্লি হাইকোর্টের

সৌরভের অনুমতি ছাড়া লর্ডসের জার্সি ব্যবহার নয়! কড়া নির্দেশ দিল্লি হাইকোর্টের

 

সৌরভ গাঙ্গুলির ব্যক্তিত্বের অধিকার রক্ষা: ‘দুসরা’ ছবির প্রদর্শনীতে কড়া শর্ত হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক: প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ব্যক্তিত্ব ও পরিচিতি ব্যবহারের অভিযোগ সংক্রান্ত মামলায় ‘দুসরা’ ছবিটির বাণিজ্যিক প্রদর্শনীর ক্ষেত্রে একগুচ্ছ কড়া শর্ত আরোপ করল আদালত। বিচারপতি তেজস কারিয়া ছবির মুক্তি পুরোপুরি স্থগিত না করলেও, নির্মাতাদের জন্য আর্থিক জামানতসহ একাধিক আইনি বাধ্যবাধকতা নির্ধারণ করে দিয়েছেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, রমেশ দেও প্রোডাকশন প্রাইভেট লিমিটেডকে আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতের রেজিস্টারের কাছে ২ কোটি টাকার ‘আনকন্ডিশনাল ব্যাঙ্ক গ্যারান্টি’ জমা দিতে হবে। বিচারপতি পর্যবেক্ষণ করেছেন, ছবির গল্পের সঙ্গে সৌরভ গাঙ্গুলির পরিচিতি এমনভাবে মিশে রয়েছে যে, সেখান থেকে নির্দিষ্ট অংশ বাদ দেওয়া আর সম্ভব নয়।

আদালতের অন্যান্য কড়া শর্তাবলির মধ্যে রয়েছে:
১. স্পষ্ট ডিসক্লেমার: ছবির শুরু ও শেষে ইংরেজি ও হিন্দি ভাষায় বড় হরফে সতর্কবার্তা বা ডিসক্লেমার প্রদর্শন করতে হবে।
২. আইনি বয়ান: সতর্কীকরণে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে, সৌরভ গাঙ্গুলি এই সিনেমায় তাঁর নাম বা ব্যক্তিত্ব ব্যবহারের কোনো সম্মতি দেননি এবং ছবিটি তাঁর ব্যক্তিত্বের অধিকার ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি।

আদালত সাফ জানিয়ে দিয়েছে, এই শর্তগুলোর কোনো একটিও অমান্য করা হলে সংশ্লিষ্ট ছবিটির কোনো রকম বাণিজ্যিক প্রদর্শনী করা যাবে না।

উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলি এবং ‘লাভ ফিল্মস এলএলপি’-র যৌথ আবেদনের ভিত্তিতে এই মামলার সূত্রপাত হয়। অভিযোগ ছিল, ছবির ট্রেলার ও প্রচারে সৌরভের অনুমতি ছাড়াই তাঁর নাম, অবয়ব এবং লর্ডসের ব্যালকনিতে ঐতিহাসিক জার্সি খোলার মুহূর্তটি ব্যবহার করা হয়েছে। এছাড়া ছবির পরিচালক অভিনব দেও একটি সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে, সৌরভের ক্যারিয়ারের বিভিন্ন ঘটনা ছবির কাল্পনিক চরিত্র ‘তারা’-কে প্রভাবিত করেছে।

অন্যদিকে, ‘লাভ ফিল্মস’-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০২১ সালের আগস্টে সৌরভের সাথে তাদের একটি চুক্তি হয়েছে, যার অধীনে সৌরভের বায়োপিক ‘দাদা – দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’র স্বত্ব তাদের কাছে রয়েছে। তাদের অভিযোগ, ‘দুসরা’ ছবিতে সৌরভের অননুমোদিত ব্যবহার তাদের একচ্ছত্র বাণিজ্যিক অধিকার লঙ্ঘন করছে। আদালতের এই নির্দেশনার পর ছবিটির ভবিষ্যৎ এখন নির্মাতাদের শর্ত পূরণের ওপরই নির্ভর করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *